শামসুদ্দিন বিশ্বাস বিদ্যালয়

সহকারী শিক্ষকের সব পদই শূন্য, পাঠদান ব্যাহত

বিদ্যালয়টি চলতি বছর এমপিওভুক্ত হয়েছে। আগের শিক্ষকদের নিবন্ধন না থাকায় তাঁরা বাদ পড়ছেন। এ কারণে দেখা দিয়েছে শিক্ষকসংকট।

শিক্ষকের সংকটে পড়েছে সদ্য এমপিওভুক্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাজী মো. শামসুদ্দিন বিশ্বাস নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এখানে কোনো সহকারী শিক্ষক নেই। প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান ও অফিস সহায়ক দিয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। বিদ্যালয়টির প্রায় ২০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরা। তাঁরা দ্রুত এ সমস্যার সমাধান চান।

এলাকার কয়েকজন শিক্ষিত বেকার গত ১০ বছর বেতন ছাড়াই ওই বিদ্যালয়ে পাঠদান করেছেন। বিদ্যালয়টি চলতি বছর এমপিওভুক্ত হয়েছে। শিক্ষক নিবন্ধন না থাকায় তাঁরা বাদ পড়ছেন। এ কারণে দেখা দিয়েছে শিক্ষকসংকট।

প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত কয়েকজন বলেন, যাঁরা এত দিন পাঠদান করে আসছিলেন, তাঁরা চাকরিরত অবস্থায় নিবন্ধিত হতে পারেননি। ফলে শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষকের পদ শূন্য হয়ে গেছে। ওই শূন্য পদের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ কারণে প্রতিষ্ঠাকালীন শিক্ষকেরা কেউ বিদ্যালয়ে আসছেন না।

শৈলকুপা উপজেলার দক্ষিণের শেষ প্রান্তের গ্রাম ভবানীপুর। এই গ্রামের শিক্ষানুরাগী কয়েকজন ২০১৩ সালে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জাফর বিশ্বাস জমি দেন, আবদুর রাজ্জাক এককালীন ৪০ লাখ টাকা ও নজরুল ইসলাম শ্রম দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। আবদুর রাজ্জাকের বাবা হাজী মো. শামসুদ্দিনের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে চলতি বছর। বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত অনুমোদন রয়েছে। তবে পাঠদান চলে দশম শ্রেণি পর্যন্ত।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছিলেন নজরুল ইসলাম। তিনি বলেন, ২০১৩ সালে তাঁরা একাধিকবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে নিবন্ধিত কোনো শিক্ষক আবেদন করেননি। এ অবস্থায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার স্বার্থে অনিবন্ধিত আবেদনকারীদের মধ্য থেকে পাঁচজনকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। তাঁদের চাকরিরত অবস্থায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এভাবে তাঁরা ১০ বছর চাকরি করেছেন। কিন্তু তাঁরা নিবন্ধিত হতে পারেননি।

চলতি বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। বেতনের জন্য নতুন করে শিক্ষকদের কাগজপত্র পাঠাতে হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নিবন্ধন না থাকায় কাগজপত্র পাঠানো যাচ্ছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বিশ্বাস বলেন, গত ২৩ জুলাই ১০ জন শিক্ষকের শূন্য পদ দেখিয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন। এ খবর পেয়ে পুরোনো শিক্ষকেরা বিদ্যালয়ে আসছেন না। অনেকে বিদ্যালয়ে থাকা তাঁদের কাগজপত্র ফেরত নিয়ে গেছেন। বর্তমানে শিক্ষকসংকটে পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। লাইব্রেরিয়ান ও কম্পিউটার কাম অফিস সহায়ক পদের লোক পাঠদান করছেন।

রণজিৎ কুমার বিশ্বাস আরও বলেন, যাঁরা এত দিন দায়িত্ব পালন করেছেন, তাঁরা বাদ পড়ছেন। এটা সবার জন্য কষ্টের। কিন্তু আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এত দিন কষ্ট করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলাম। আজ তাড়িয়ে দেওয়া হচ্ছে। গত তিন বছর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হইনি। সামনের পরীক্ষায় অংশ নেব। সে পর্যন্ত আমরা সময় চাই।’

এ সম্পর্কে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয় থেকে শিক্ষক চেয়ে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে। এর বাইরে তাঁদের কিছুই করার নেই।