
শিক্ষার্থী ১ হাজার ৮২১ জন। কিন্তু পাঠদানের জন্য নিয়মিত শিক্ষক আছেন মাত্র চারজন। ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মতো আবশ্যিক বিষয়সহ ছয়টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। শিক্ষক না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও চারটি বিষয় শিক্ষার্থীরা নিতে পারেন না।
বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত বগুড়া সরকারি কলেজের চিত্র এটি। এমন পরিস্থিতিতে খণ্ডকালীন এবং অন্য কলেজ থেকে প্রেষণে আসা শিক্ষক দিয়ে কোনো রকমে কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানটির।
কলেজ প্রশাসন সূত্র জানায়, ১৯৬২ সালে বগুড়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ শিক্ষকের পদ ছিল আটটি। ২০১৬ সালের ১২ মে প্রতিষ্ঠানটিকে সাধারণ কলেজে রূপান্তরিত করে বগুড়া সরকারি কলেজ নামকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক স্তরে ২৪টি বিষয়ে পাঠদানের অনুমতি রয়েছে। কিন্তু পুরোনো সেই আটটি পদ নিয়েই চলছে এর কার্যক্রম। অনুমোদিত আটটি পদের মধ্যে নিয়মিত পদ সাতটি—চারটি প্রভাষক ও তিনটি সহকারী অধ্যাপকের। এর মধ্যেও তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বৃহস্পতিবার অধ্যক্ষ অবসরে গেছেন। সরকারি এই কলেজে উপাধ্যক্ষের কোনো পদ নেই।
কলেজ প্রশাসন সূত্র জানায়, ইংরেজি, আইসিটি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কৃষিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান—এই ছয়টি বিষয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্যদিকে বাংলা, অর্থনীতি, গণিত, ফিন্যান্স ও ব্যাংকিং বিমাসহ পাঁচটি বিষয়ের পাঠদান চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে। এ ছাড়া উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ইতিহাস, মনোবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে কোনো পদই নেই। শিক্ষক না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও পরিসংখ্যান, ভূগোল, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম—এই চারটি বিষয় শিক্ষার্থীরা নিতে পারেন না।
উচ্চমাধ্যমিকে ১ হাজার ৮২১ জন শিক্ষার্থীর সবার জন্যই ইংরেজি, বাংলা ও আইসিটি আবশ্যিক। ইংরেজি ও আইসিটিতে তিনজন করে শিক্ষকের চাহিদা থাকলেও একজনও নেই। আর ১ হাজার ৮২১ জন শিক্ষার্থীকে বাংলা পড়াচ্ছেন মাত্র একজন শিক্ষক। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানে ৬০০ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩৬২ জন, দর্শনে ৩১৫ জন ও কৃষিবিজ্ঞানে ৪১৮ জন শিক্ষার্থী থাকলেও এসব বিষয়ে কোনো শিক্ষক নেই।
নিয়মিত ক্লাস না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া আকতার বলেন, ‘প্রতিদিন আশা নিয়ে কলেজে এসে শ্রেণিকক্ষে শিক্ষকের অপেক্ষায় বসে থাকি। কিন্তু শিক্ষক না থাকায় বেশির ভাগ দিনই ক্লাস হয় না। ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে এই সংকট সবচেয়ে প্রকট।’
আরেক শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, ‘একটি সরকারি কলেজের এমন দশা মেনে নেওয়া যায় না। শিক্ষকসংকটে আমাদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে, অথচ সমস্যা সমাধানে কারও কোনো উদ্যোগ চোখে পড়ছে না।’
তীব্র এই শিক্ষকসংকটের পরও শিক্ষার্থীরা পরীক্ষায় তুলনামূলকভাবে ভালো করছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সার্বিক পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং রাজশাহী বোর্ডের পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ হলেও বগুড়া সরকারি কলেজে পাসের হার ছিল ৮৯ দশমিক ৯০ শতাংশ।
কলেজটি থেকে ৭৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৯৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন; যাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৬ জন, মানবিকে ৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ২ জন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক থাকলে প্রতিষ্ঠানটির ফল ও শিক্ষার মান আরও বহুদূর এগিয়ে যেত।
বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান বৃহস্পতিবার অবসরে গেছেন। অবসরের একদিন আগে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০১৬ সাল পর্যন্ত এটি কমার্শিয়াল কলেজ হিসেবে পরিচালিত হয়েছে। তখন শিক্ষার্থী কম ছিল, পদও ছিল আটটি। পরে সরকারি সিদ্ধান্তে সাধারণ কলেজে পরিণত হওয়ার পর শিক্ষার্থী অনেক বেড়েছে, কিন্তু জনবল বাড়েনি।’
বিদায়ী অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের পাঠদান সচল রাখতে বাধ্য হয়ে ১১ জন খণ্ডকালীন শিক্ষক এবং অন্য কলেজ থেকে ১৪ জন শিক্ষককে প্রেষণে এনে কোনো রকমে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। স্থায়ী ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ না হলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।