শহরের বুকে পাখিদের এক টুকরা অভয়াশ্রম

সন্ধ্যায় শহরের বুকের আশ্রয়ে ফিরছে পাখিরা। মৌলভীবাজার পৌরসভার পূর্ব বড়হাটে মনু নদের পাড়ে
ছবি: প্রথম আলো

এক পাশে বয়ে চলেছে মনু নদ, অন্য পাশে নদের পাড় ধরে পাকা সড়ক। সড়কের দক্ষিণ পাশে জনবসতি। সারি সারি এলোমেলো বাসাবাড়ি। অনেক মানুষের ভিড়, হইচই। এমন শহুরে পরিবেশে নদ ও সড়কের মাঝখানে একটি বটগাছকে ছুঁয়ে থাকা অনেকগুলো গাছ ঘিরে গড়ে উঠেছে ছোট্ট একটি বন।

বনটিতে অনেক বছর ধরে, অনেক ধরনের পাখি নিজেদের বাড়ি করে নিয়েছে। সেই কাকডাকা ভোরে কিচিরমিচির করতে করতে পাখিরা খাবারের খোঁজে বেরিয়ে যায়, ফেরে সন্ধ্যায়। সন্ধ্যাজুড়ে চলে কিচিরমিচির ডাক। আস্তে আস্তে নামে নিঝুম নীরবতা। গাছে গাছে ঘুমিয়ে পড়ে পাখিরা। স্থানীয় মানুষের ভালোবাসায় মৌলভীবাজার পৌরসভার পূর্ব বড়হাটে পাখিদের এমনই একটি অভয়াশ্রম গড়ে উঠেছে।

বড়হাট এলাকার প্রবীণ বাসিন্দা মো. আলী মিয়া প্রথম আলোকে বলেন, ‘এখানে কাউকে পাখি শিকার করতে দেওয়া হয় না। এলাকার কাউন্সিলরও সবাইকে পাখি শিকার না করতে বলে দিয়েছেন। মুরব্বিরাও (বয়স্ক বাসিন্দা) আমাদের বলেছেন, ‘‘হায়মানকে (বন্য পশুপাখি) কেউ ডেকে আনতে পারে না। দাওয়াত দিলেও আসে না। তারা আসে তাদের ইচ্ছায়। তাদের মারা ঠিক নয়।’’ ফলে আমরাও অন্তর দিয়ে এই পাখিদের ভালোবাসি।’

সামনে শীত আসছে, পাখির সংখ্যা তখন আরও বেড়ে যাবে জানিয়ে আলী মিয়া বলেন, এখানে পাখিরা আছে ৫০ থেকে ৫৫ বছরের বেশি সময় ধরে। সকালবেলা তারা ডাকতে ডাকতে গাছ ছেড়ে জোড়ায় জোড়ায় হাওরের দিকে উড়ে যায়। সারা দিন আর দেখা যায় না। সন্ধ্যায় নদে (মনু নদে) গোসল করে গাছে গাছে চলে আসে।

সন্ধ্যায় হাজারো পাখির ডাকে মুখর হয়ে ওঠে মনু নদের পাড়

সম্প্রতি ওই এলাকায় যান এই প্রতিবেদক। তখন সন্ধ্যা নামে নামে। মনু নদের পানিতে সূর্যাস্তের রং লেগে আছে। পাশের কুসুমবাগ এলাকাসহ বেশ কিছু ভবনের ছাদে অনেকগুলো কাক সার বেঁধে বসে আছে। থেমে থেমে ডাকছে। ঠিক তখনই বিভিন্ন দিক থেকে পাখিদের কয়েকটি ঝাঁক ছোট্ট ওই বনের দিকে উড়ে আসে। চোখের পলকে বিভিন্ন গাছের ডালে ডালে আশ্রয় নেয়। এক ডাল থেকে অন্য ডালে ছোটাছুটি ও কিচিরমিচির করতে থাকে। কাক, শালিক, ঘুঘু, বুলবুলি, চড়ুইসহ দেশি জাতের হাজারো পাখির ডাকে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ততক্ষণে অন্ধকার গাঢ় হয়ে আসায় চোখে দেখা যাচ্ছিল না পাখিদের। শুধু ডাক শোনা যাচ্ছিল।

বড়হাট এলাকার মো. হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘এই স্থানটিতে আরও গাছপালা ছিল। পাখিও ছিল অনেক বেশি। আমরা ছোটবেলায় গাছের নিচে পাখিদের অনেক বাচ্চা পড়ে থাকতে দেখতাম। নদের ভাঙনের কারণে এখন পাখিদের সংখ্যা কমে গেছে।’

কত আগে যে পাখিরা এখানে এসে আবাস গড়েছে, সেটা স্পষ্টভাবে মনে করতে পারেননি স্থানীয়দের কেউ। তাঁরা জানিয়েছেন, এই গাছগুলোও প্রাকৃতিকভাবে হয়েছে ও বেড়ে উঠেছে। এখন একটি বটগাছকে ঘিরে আশপাশে লাটিমগাছের (স্থানীয়দের কাছে মেরুকগাছ নামে পরিচিত) সংখ্যাই বেশি। একটি ছাতিমগাছও রয়েছে। সব মিলিয়ে ছোট্ট বনটিতে গাছের সংখ্যা অর্ধশতাধিক হবে।

বড়হাট এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ প্রথম আলোকে বলেন, ‘বহুদিন ধরে এখানে পাখি থাকে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আগে আরও বেশি পাখি ছিল। অনেক গাছ নদীতে ভেঙে পড়েছে। অনেক ধরনের পাখি আসে। আমি কাউকে বন্দুক বা কেটি (পাখি মারার হাতে তৈরি যন্ত্র) দিয়ে পাখি শিকার করতে দিই না। এটা পাহারা দেওয়ার লোক রয়েছে। এলাকার মানুষজনও নজর রাখেন।’