নোয়াখালীতে বিএনপির সমাবেশে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য চলাকালে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটে। শনিবার বিকেলে মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
ছবি: প্রথম আলো

নোয়াখালীতে বিএনপির জনসমাবেশে সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে জেলা শহরের মাইজদী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছেন হেনস্তার শিকার সংবাদকর্মীরা।

হেনস্তার শিকার সাংবাদিকেরা অভিযোগ করেছেন, সমাবেশের মঞ্চের সামনে সাংবাদিকদের জন্য জায়গা রাখা হলেও নেতা-কর্মীদের কারণে সেখানে দাঁড়াতে পারেননি সংবাদকর্মীরা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগমুহূর্তে সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ছবি ও ভিডিও নিতে সমস্যা হওয়ায় নেতা-কর্মীদের ক্যামেরা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে তাঁরা উপস্থিত সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হন। সংবাদকর্মীদের ‘আওয়ামী লীগ সরকারের দালাল’ বলে তাঁদের দিকে তেড়ে আসেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বলেন, ‘আমি বিষয়টি তখন খেয়াল করিনি, পরে শুনেছি। এমন ঘটনা কারও প্রত্যাশিত না। বিষয়টির জন্য আমরা দুঃখিত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টি নিয়ে তিনি জেলার নেতাদের সঙ্গে বসেছেন। দলের কতিপয় অতি উৎসাহী নেতা-কর্মী মুঠোফোনে সমাবেশের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ওই ঘটনা ঘটে। যাঁরা এ ঘটনায় জড়িত, তাঁদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কোনো সমাবেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হবে।