নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। জামায়াতের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়টিতে আগুন দিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুনে নির্বাচনী কার্যালয়ের ভেতরে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নির্বাচনী কার্যালয়টি দীনেশগঞ্জ বাজারের একটি পাকা ভবনের নিচতলায় অবস্থিত। গতকাল রাত তিনটার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছেন বলে দাবি করেন উপজেলা জামায়াতের আমির মো. আবু জাহেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘কার্যালয়ের পাশের আরেকটি কক্ষে অটোরিকশাটির চালক ঘুমিয়ে ছিলেন। তিনি রাত তিনটার দিকে কার্যালয়ের শাটার খোলার শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।’
আবু জাহেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এর আগে বিভিন্ন জায়গায় জামায়াতের প্রচারে বাধা, গণসংযোগে হামলা, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় গতকাল আগুন দেওয়া হয়েছে।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কার্যালয়ের ভেতরে অটোরিকশাটির ব্যাটারি চার্জে দেওয়া হয়েছিল। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।