বগুড়ায় সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, কাউকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আবেদন করা হয়নি।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ছয় মাস আগে বগুড়ার গাবতলী উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এখন পর্যন্ত আসামি গ্রেপ্তারের অনুমতি চেয়ে কোনো আবেদন করা হয়নি আদালতে।
বগুড়ায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিল পর্যন্তই রয়েছে সীমাবদ্ধ। মামলার আসামিরা আছেন ধরাছোঁয়ার বাইরে। এ তালিকায় রয়েছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারাও। বগুড়ায় সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, কাউকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আবেদন করা হয়নি।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে দুর্নীতির অভিযোগে ৯টি মামলা করেছে দুদক। অভিযোগপত্র দাখিল করেছে ১০টি মামলার। ২০২০ সালে মামলা ছিল ১৮টি। অভিযোগপত্র দাখিল করা হয়েছে সাতটির। অন্যদিকে ২০২১ সালে দুদকের দায়ের করা মামলার সংখ্যা ৫ এবং অভিযোগপত্র দাখিল করা হয় ১২টি মামলার। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন হাতে গোনা কয়েকজন।
জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থবছরে ৪৮০টি প্রকল্পে ৩ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেয়। তৎকালীন পিআইও আবদুল আলীমের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক ওই বছর ৪৭৪ প্রকল্পের বিপরীতে ৩ কোটি ৭০ লাখ ৬৮ হাজার বরাদ্দ দেন।
■ ২০২২ সালে ৯টি মামলা করা হয়। অভিযোগপত্র দাখিল হয়েছে ১০ মামলার।
■ দুদক আইনে মামলা হওয়ার পরপরই আসামি গ্রেপ্তারের বিধান আছে।
অর্থবছর শেষে টাকা উত্তোলনও করা হয়। ওই সময় প্রথম আলোর পক্ষ থেকে দৈবচয়ন পদ্ধতিতে ৪৭৪টি প্রকল্পের মধ্যে ১৩০টি প্রকল্পের বিষয়ে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে একটি প্রকল্পেরও অস্তিত্ব মেলেনি। এ নিয়ে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ‘বগুড়ায় ভুয়া প্রকল্পে টিআর বরাদ্দ লুটপাট’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনের সূত্র ধরে দুদক প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসনকে। প্রশাসনের তদন্ত কমিটিও লুটপাটের সত্যতা পেয়েছিল। তদন্ত প্রতিবেদনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এরপর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত ৯ জুন পিআইও আবদুল আলীমের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ২৯৫টি ভুয়া প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৯৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
আবদুল আলীম বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় কাজ করছেন। তাঁর মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার একাধিকবার ফোন দেওয়া হলেও সেটা বন্ধ পাওয়া যায়। তবে ২০১৯ সালে তিনি বলেছিলেন, ওই প্রকল্পগুলোতে বরাদ্দ এসেছিল অর্থ-বছরের শেষ মুহূর্তে। তিনি প্রথমে প্রকল্পের বরাদ্দ উত্তোলনের কাগজপত্রে স্বাক্ষর করতে না চাইলেও পরিস্থিতির কারণে স্বাক্ষর করতে বাধ্য হন।
দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বলেন, দুদক আইনে মামলা হওয়ার পরপরই আসামি গ্রেপ্তারের বিধান আছে। তবে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে আসামি গ্রেপ্তার করা যাবে। পিআইও আবদুল আলীমসহ বগুড়ায় সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, কাউকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আবেদন করা হয়নি।
এদিকে, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন প্রকৌশলীর বিরুদ্ধে চলতি বছর একটি মামলা হয়। এ মামলার বিষয়ে বিস্তারিত জানায়নি কর্মকর্তারা।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, তৎকালীন পিআইও আবদুল আলীমে এবং পাউবোর ওই প্রকৌশলীর বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি সব ব্যবস্থা নেওয়া হবে।