
বরিশাল জেলা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে গৌরনদী উপজেলার ছাত্রদলের তিন নেতা হামলার শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতাদের রক্ষা করতে গিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন। বিএনপি ও ছাত্রদলের নেতাদের অভিযোগ, গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের নেতা–কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।
হামলার শিকার তিন নেতা হলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল ও সদস্যসচিব মো. মশিউর রহমান। আহত তিনজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে বরিশাল জজ আদালতে বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় হাজিরা দিতে যান বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ ১০–১২ জন নেতা–কর্মী। এ সময় তাঁদের সঙ্গে গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল ও সদস্যসচিব মো. মশিউর রহমান ছিলেন। দুপুর ১২টার দিকে বিএনপি নেতারা হাজিরা দিয়ে আদালত ভবনের নিচতলায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ছাত্রদলের তিন নেতার ওপর হামলা চালায়।
গৌরনদী পৌর ছাত্রদলের সদস্যসচিব মশিউর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রফিকুল ইসলামসহ নেতা–কর্মীরা হাজিরা দিয়ে বের হচ্ছিলেন। নিচতলায় লিফট থেকে বের হওয়ার পর গৌরনদী পৌর যুবলীগের সদস্য রায়হান ফকির (২৮), কাওছার ফকির (২৯) ও শিবলী (৩২) তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনিসহ ছাত্রদল নেতা আল আমিন ও রাসেলকে মারধর করা হয়। বিএনপি নেতা রফিকুল ইসলাম তাঁদেরকে রক্ষা করতে এগিয়ে এলে যুবলীগের নেতা–কর্মীরা রফিকুলকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে আদালত পুলিশ এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়েন।
বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে। সেই মামলার হাজিরা দিতে এসে পুনরায় যুবলীগ নেতা–কর্মীরা আমাদের ওপর আদালতে হামলা করেছে। আদালতেও আমাদের নিরাপত্তা নেই। আমরা আদালতেও নিরাপত্তাহীনতায় ভুগছি।’
অভিযোগের বিষয়ে জানতে রায়হান ফকির ও কাওছার ফকিরের মুঠোফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে মো. শিবলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে বরিশাল জেলা দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র দাস বলেন, হামলা–মারধরের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আদালত চত্বরে এ ধরনের ঘটনা কাম্য নয়।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।