বরিশালে বিএনপির জনসমাবেশ

‘শেষ রক্তবিন্দু দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে’

ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে জনসমাবেশ। আজ সোমবার বরিশাল নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেছেন, এক দফার এই চূড়ান্ত আন্দোলনে বরিশাল বিএনপির প্রত্যেক নেতা-কর্মী প্রস্তুত রয়েছেন। দমন-পীড়ন, গ্রেপ্তার-গায়েবি মামলা দিয়ে এ আন্দোলনকে দমন করা যাবে না। কেন্দ্র থেকে পরবর্তী যে কর্মসূচির ঘোষণা আসবে, সেই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। শেষ রক্তবিন্দু দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে মনিরুজ্জামান খান এসব কথা বলেন। ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ ও আওয়ামী লীগের হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের’ প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি।

বিএনপির ডাকা এই জনসমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় বিশৃঙ্খলা এড়াতে সদর রোড ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান প্রমুখ। জনসমাবেশে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ জন্য ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দলীয় সন্ত্রাসী ও পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপির নিরীহ নেতা-কর্মীদের ওপর নির্মম হামলা চালিয়েছে। অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করে হয়রানির পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে এই অবৈধ সরকার টিকে থাকতে পারবে না। প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীরা গণগ্রেপ্তার হবেন, তারপরও রাজপথ ছেড়ে দেওয়া হবে না। এক দফার দাবি আদায় করেই বিএনপির প্রত্যেক নেতা-কর্মী ঘরে ফিরে যাবেন।