নাটোরে বন্ধুকে খুনের দায়ে তরুণের যাবজ্জীবন

নাটোরে মাত্র ১ হাজার ৫০০ টাকার জন্য বন্ধুকে খুনের দায়ে জসিম উদ্দিন (২০) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের বকুল মিয়ার ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাকুড়ি গ্রামে।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে প্রকাশ্য আদালতে সোহাগ মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। একমাত্র আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জসিম উদ্দিন তাঁর বন্ধু একই এলাকার সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান। পরবর্তী সময়ে টাকার জন্য সোহাগ চাপাচাপি শুরু করলে জসিম উদ্দিন তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সে মোতাবেক তিনি ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেন। পরে হাতমুখ ধুয়ে বাড়িতে আসেন এবং অন্যদের সঙ্গে সোহাগের লাশ দেখতে যান।

দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে ব্যক্তিগত কোনো আইনজীবী ছিলেন না। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলার সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম। রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, রায়ে তিনি সন্তুষ্ট।