জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। ১১-দলীয় জোটের সব নেতা–কর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।’
আজ সোমবার সন্ধ্যার পর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝার বাজারসংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসিফ মাহমুদ।
দেশ শাসনে পরিবারতন্ত্র ভাঙতে শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি, গত ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদিদোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। এই পরিবারতন্ত্র ভাঙতে হলে ১২ ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে।’
পথসভায় ১১–দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।