
বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার বিকেলে জালকুড়ি পাসপোর্ট কার্যালয়ের সামনে জেলা বিএনপি সড়কের ওপর বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়াগামী লেনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। যানবাহনগুলোকে ঢাকাগামী লেন দিয়ে যাতায়াত করতে হয়েছে। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করা বিএনপির নেতা-কর্মীর হাতে বাঁশের লাঠি দেখা গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম প্রথম আলোকে বলেন, সড়কের এক পাশ বন্ধ করে বিএনপি সমাবেশ করেছে। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করেছে। তারা সমাবেশ ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব প্রমুখ।
শেখ হাসিনা সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তারেক রহমানের এক দফা দাবি আদায় না পর্যন্ত আন্দোলনের বিকল্প নেই।’ বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায়ে মানুষ সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির আরেকটি দল। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। মামুন মাহমুদ বলেন, অবিলম্বে এই সরকারের পদত্যাগ করতে হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারেক রহমানের নির্দেশে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
একই সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সদস্যসচিব আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির অন্য নেতারা।