ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে
ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় তাঁরা পিছু নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের কবলে পড়েছেন ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইছিলেন ওয়াসেক বিল্লাহ।

হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান। ভাই, ডাকাত ডাকাত! আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি হেফাজত করো। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও।’

ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানী

ওয়াসেক বিল্লাহ নোমানীর ঘনিষ্ঠজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী হয়ে অংশ নেওয়া মাওলানা আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ তাঁর সফরসঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাঁদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন নোমানী। গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

আবদুল কাইয়ুম বলেন, পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। থানায় যাওয়ার পথেও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।

আবদুল কাইয়ুম আরও বলেন, থানায় পৌঁছানোর পর জানা যায়, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা বিএনপির লোকজন গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তাঁরা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এ ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে।

গাড়িটি যাওয়ার সময় আমাদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে আমাদের লোকজনের ধারণা হয়, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন রয়েছেন। এ কারণে তাঁরা গাড়িটির পিছু নিয়েছিলেন।
মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছিল। এটা কোনো ডাকাতির ঘটনা নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে। ’

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গুপ্ত হামলা চালিয়ে ইদানীং জ্বালাও-পোড়াও করছে। রাতে আওয়ামী লীগের লোকজন এলাকায় ঢুকে মিছিল করতে পারে, আগুন দিতে পারে—এমন খবরও তাঁদের কাছে ছিল। এ কারণে বিভিন্ন জায়গায় তাঁদের লোকজন পাহারায় ছিলেন।

আনোয়ারুল হক বলেন, ‘গাড়িটি যাওয়ার সময় আমাদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে আমাদের লোকজনের ধারণা হয়, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন রয়েছেন। এ কারণে তাঁরা গাড়িটির পিছু নিয়েছিলেন। অন্যদিকে নোমানী ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এ ঘটনার জন্য আমরা তাঁকে সরি বলেছি। এটি একটি ভুল-বোঝাবুঝি ছিল।’

এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াসেক বিল্লাহ নোমানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।