ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এক ব্যবসায়ীর কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেজাউল করিম গতকাল শুক্রবার বিকেলে সাভার মডেল থানায় অজ্ঞাতনাম চারজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লখ করা হয়েছে, সাভার উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়া এলাকায় ‘আর কে এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে মো. রেজাউল করিমের (৩৮)। ব্যবসায়িক প্রয়োজনে গত বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হককে (৩৮) হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তুলতে পাঠান তিনি।
এজাহারে বলা হয়, টাকা তোলার পর বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন ইসরাফিল। এ সময় একটি প্রাইভেট কারে করে র্যাবের জ্যাকেটের আদলে জ্যাকেট পরা অবস্থায় চালকসহ চার ব্যক্তি এসে র্যাব পরিচয় দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরেন।
এজাহারের বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তিরা হত্যার হুমকি দিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইসরাফিল বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা ইসরাফিলকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ব্যাগভর্তি ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সাভারের দিকে চলে যান। টাকা ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের বয়স ৩০ হতে ৩৫ বছর।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।