‘বিএনপির সমাবেশ বলে সব বন্ধ, দুদিন ধরে বিক্রি নাই’

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে বাস টার্মিনালগুলোর দোকানপাটে বেচা-বিক্রি নেই। শুক্রবার সকালে নগরের শিরোইল এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের শিরোইল এলাকায় রেলস্টেশন, ঢাকা বাসস্ট্যান্ড এবং এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালে দিন-রাত ভিড় লেগেই থাকে। ওই সড়কে পাশে চা বিক্রি করেন মো. জীবন নামের এক তরুণ। আজ শুক্রবার সকালে শিরোইলের ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেই শুকনো হাসি দিয়ে জীবনের জিজ্ঞাসা, ‘চা খাবেন।’

আগামীকাল শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যে পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় লোকজনের আনাগোনা নেই। ফলে ওই এলাকার রেস্তোরাঁসহ সব ধরনের দোকানে বিক্রি নেই বললেই চলে।

প্রথম আলোকে জীবন বলেন, গত ২৯ নভেম্বর থেকে এখানে লোকজন কম। ৩০ নভেম্বর বিকেল থেকে লোকজন আরও কমতে থাকে। গতকাল বৃহস্পতিবার থেকে একেবারে খালিই হয়ে গেছে। আগে এখানে দিনে দুই থেকে আড়াই শ কাপ চা বিক্রি করতেন। গতকাল ও আজ দিনে ৫০ কাপ চাও বিক্রি হয়নি। এই ৫০ কাপের বেশির ভাগ আবার বাকিতে বিক্রি হয়েছে। জীবনের ভাষ্য, ‘গাড়ি চলে না বলে মানুষের আনাগোনা নেই। বিক্রিও হচ্ছে না। শহরের কাস্টমার দিয়ে তো আর ব্যবসা চলে না।’

ওই এলাকায় বেশ কয়েকটি চায়ের দোকান ছিল। আজ হাতে গোনা কয়েকটি খোলা থাকতে দেখা গেছে। বিক্রি নেই বললেই চলে। সবচেয়ে বিপাকে পড়েছে খাবার হোটেলগুলো। ক্রেতা নেই বললেই চলে।

জাহিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারীর মাসুদ রানার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বেচাকেনা কেমন চলছে জানতে বলেন, ‘আমার দোকানো কোনো ক্রেতার দেখা মেলেনি আজ। অথচ অন্যান্য দিন এই এলাকায় হাঁটার জায়গা থাকে না। আমার বাড়ি বানেশ্বরে। সকালে ২০ টাকার গাড়ি ভাড়া দিয়েছি ৮০ টাকা। অটোরিকশায় ভেঙে ভেঙে এসেছি। রাতে কীভাবে যাব জানি না।’

একই এলাকায় সৌদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, এখানে আগে ক্রেতাদের ডেকে এনে বসাতেন দোকান কর্মচারীরা। একরকম প্রতিযোগিতা লেগে যেত তাঁদের মধ্যে। কিন্তু বিএনপির সমাবেশ বলে সব বন্ধ। তাই দুই দিন ধরে একেবারেই বিক্রি নেই।

ওই হোটেলের মালিক মো. ইমন বলেন, ‘দোকানে ব্যবসাপাতি নাই। ২৯ তারিখ থেকে কমতেছে। আমার দোকানে ৭-৮ জন কর্মচারী দৈনিক মজুরিতে কাজ করেন। তিন জনকে কাজে আসতে বারণ করা হয়েছে।’ ‘খাবার ঘর’ হোটেলের কর্মচারী নুরে আলম বলেন, বেচাকেনা নাই। এ কারণে মালিক বেতন কম দিচ্ছেন।

নগরের ঘোড়ামারা এলাকার গোলাপ ‘মামার হোটেল’-এর গোলাপ সরদার বলেন, ‘এইখানকার দোকানপাট চলে বাইরের লোক দিয়ে। শহরের মানুষ তো ভাত খায় না। পরিবহন ধর্মঘটের কারণে কেউ আসতে পারছে না। তাই আমাগো দোকানগুলাও ফাঁকা।’

আগামীকাল শনিবার রাজশাহী হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এটি শহর থেকে দক্ষিণে পদ্মার কাছে। নানা বাধা পেরিয়ে বিএনপির অনেক নেতা-কর্মী সমাবেশস্থলে এসেছেন। ফলে সেখানকার দোকানপাটে ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের বেচাবিক্রি ভালো।