সৈকত
সৈকত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের এক দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের এক দিন পর এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার উত্তর নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

শিশুটির নাম সৈকত (৭)। সে গাইবান্ধা জেলার আঞ্জু মিয়ার ছেলে। শিশুটি স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা রাজমিস্ত্রি, মা একটি পোশাক কারখানায় কাজ করেন। পরিবারটি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নরসিংপুর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কের পাশে হাসেম স্পিনিং মিলসংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।