
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি) বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক হিসেবে নিযুক্ত করুন। আমি এই মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আপনাদের দলমত–নির্বিশেষে সব সাধারণ শান্তিপ্রিয় মানুষের জিম্মাদার হয়ে থাকলাম। আমার জীবন থাকতে এই এলাকার কোনো মানুষকে আমি হয়রানি হতে দেব না। আমি কথা দিচ্ছি, কোনো দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না আমার কাছে। খারাপ মানুষ, সে যে দলেরই হোক, ডুমুরিয়ার মাটিতে তাকে ভালো হয়েই চলতে হবে। কাউকে হয়রানি সহ্য করা হবে না। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আপনারা ঠকবেন না।’
আজ সোমবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আলী আসগার। নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ডুমুরিয়া এবং ফুলতলায় দুটি দৃষ্টিনন্দন মসজিদ, দুটি সুদর্শন মন্দির ও জেলা মানের দুটি স্টেডিয়াম করা হবে। এলাকার মানুষের জন্য সর্বোচ্চ সরকারি আর্থিক সহায়তা ও অনুদান নিশ্চিত করা হবে। ডুমুরিয়ায় ২৫০ শয্যার হাসপাতাল ও ফুলতলা হাসপাতাল আধুনিকায়নসহ কমিউনিটি হাসপাতাল গড়ে তোলা হবে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতিটি ইউনিয়নে আধুনিক স্কুল প্রতিষ্ঠা করার পাশাপাশি নারীশিক্ষা ও ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী। সেই সঙ্গে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতায় স্বচ্ছতা নিশ্চিত, দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’, এই বিশ্বাস সামনে রেখে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে কাজ করবেন বলে জানান আলী আসগার। তিনি বলেন, ‘বিএনপির চিন্তাধারার আলোকে ডুমুরিয়ায় একটি আধুনিক মেগা স্টেডিয়াম নির্মাণ করব। এতে আমাদের তরুণসমাজ মাদকমুক্ত হয়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। শুধু স্টেডিয়াম নয়, খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশা আল্লাহ। পাশাপাশি শিশু-কিশোরদের মেধাবিকাশ ও বিনোদনের জন্য একটি পরিচ্ছন্ন ও আধুনিক শিশুপার্ক নির্মাণ করা হবে। জীবনের শেষ সময়ে আমি আমার পৈতৃক নিবাস ডুমুরিয়া-ফুলতলাবাসীকে কিছু দিতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশা আল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ কাজ করব।’
বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট মোল্লা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক ও নির্বাচনী প্রধান সমন্বয়ক ইবাদুল হক রুবায়েদ প্রমুখ।
স্থানীয় ভোটারদের ভাষ্য, খুলনা–৫ আসনে বিএনপির প্রার্থী আলী আসগারের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া আসনটিতে আরও দুজন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির শামিম আরা পারভীন এবং সিবিপির চিত্তরঞ্জন গোলদার।