নাটোরে দুর্বৃত্তদের ছোড়া গুলির খোসা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে
নাটোরে দুর্বৃত্তদের ছোড়া গুলির খোসা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে

নাটোরে হঠাৎ তিন গাড়িতে এসে ‘জয় বাংলা’ বলে গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে।

সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে তিনটি গাড়িতে করে ২৫ থেকে ৩০ জন দত্তপাড়া বাজারে আসে। তারা গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাজারের বটতলায় নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। প্রথমে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা ফাঁকা গুলি করে গাড়িতে উঠে হয়বতপুরের দিকে চলে যায়।

দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার পরপরই রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ২৫ থেকে ৩০ জন লোক আসে। তাদের প্রায় সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পিঠে রাখা ব্যাগে ধারালো অস্ত্র ছিল। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি চালায়। তিন থেকে চার মিনিট পর তারা চলে যায়। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা সেখানে যান।

জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দত্তপাড়া বাজারে এসে গুলি ছুড়েছে। তারা কাপুরুষ। শক্তি থাকলে তারা ঘোষণা দিয়ে নাটোর শহরে আসত! বিএনপির নেতা–কর্মীরা তাদের উচিত শিক্ষা দিত।
নাসিম উদ্দিন, নাটোর জেলা বিএনপির সদস্য

জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন ঘটনার পর পরই নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে পথসভায় তিনি বলেন, ‘জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দত্তপাড়া বাজারে এসে গুলি ছুড়েছে। তারা কাপুরুষ। শক্তি থাকলে তারা ঘোষণা দিয়ে নাটোর শহরে আসত! বিএনপির নেতা–কর্মীরা তাদের উচিত শিক্ষা দিত।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে বলে তিনি জানান।