ভৈরবে ও রায়পুরায় পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ দুপুরে পৌর এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর রায়পুরায় পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আরও কিছু দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ সোমবার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি। কিন্তু ভৈরবে সমাবেশস্থলে পুলিশ অবস্থান নেয়। আর রায়পুরায় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবে আজ একই দিন একই সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি আহ্বান করে। আওয়ামী লীগের সমাবেশ শেষ হয় সফলভাবে। তবে বিএনপির নেতা-কর্মীরা শেষ পর্যন্ত সমাবেশ করতে পারেননি।

ভৈরব পৌর শহরের আইস কোম্পানি চত্বরে সকাল ১০টায় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিল বিএনপি। এর আগে সমাবেশ সফল করতে কয়েক দিন ধরে প্রচারণা চালানো হয়। পাল্টা কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের টানা দুই দিন মাইকিং করা হয়। আওয়ামী লীগের সমাবেশটি আহ্বান করা হয় পৌরসভার শহীদ মিনার পাদদেশে। সমাবেশের আগের দিন গতকাল রোববার বিএনপির কিছু নেতার বাড়িতে পুলিশ যায়। ওই রাতে পৌর ছাত্রদলের সদস্যসচিব মুকিত আবদুল্লাহ ফারুকীকে গ্রেপ্তার করা হয়। পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুলায়মানকে গ্রেপ্তার করা হয় আজ সকালে। এ খবর ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার এড়াতে অনেকে ভৈরব ছাড়েন। আজ সকালে সমাবেশস্থলে পুলিশ অবস্থান নেয়। এতে নেতা-কর্মীরা সভাস্থলে যেতে পারেননি।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘একই দিন একই সময় দুই দলের কর্মসূচি ছিল। কেবল বিএনপি বলে আমরা আমাদের কথা বলার সুযোগ পাইনি। পুলিশি তৎপরতায় পণ্ড হয়ে যায়। অথচ আওয়ামী লীগের সমাবেশ হয়েছে পুলিশি নিরাপত্তায়।’

বিএনপির দাবি অস্বীকার করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পুলিশ কাউকে বাধা দেয়নি। আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতেও দেয়নি।

একই দিন একই সময় দুই দলের কর্মসূচি ছিল। কেবল বিএনপি বলে আমরা আমাদের কথা বলার সুযোগ পাইনি। পুলিশি তৎপরতায় পণ্ড হয়ে যায়। অথচ আওয়ামী লীগের সমাবেশ হয়েছে পুলিশি নিরাপত্তায়।
মো. রফিকুল ইসলাম, সভাপতি, ভৈরব উপজেলা বিএনপি

আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ইফতেখার হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ প্রমুখ। ওই সমাবেশ থেকে বলা হয়, বিএনপির সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিএনপিকে দেশে আর অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ রাজপথে থেকে অপরাজনীতি মোকাবিলা করবে।

অপর দিকে আজ দুপুরে রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব নুর আহমেদ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব সুমন নেওয়াজ প্রমুখ।

রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন জড়ো হন। এ সময় স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপ্লেক্সের দিকে যাচ্ছিল। এরই মধ্যে রায়পুরা থানার পুলিশ বাধা দেয় এবং নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলে বাধার বিষয়ে জানতে রায়পুরা থানার ওসি আজিজুর রহমানের মুঠোফোনে কয়েক দফা কল দেওয়া হয়। তিনি কল না ধরায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, বিষয়টি তাঁর জানা নেই।