নাটোরের গুরুদাসপুর

সেতুর আশায় দিন গুনছেন ৩০ হাজার মানুষ

নন্দকুঁজা নদীর দুই পারে লম্বা দড়ি ঝোলানো। সেতু না থাকায় ওই দড়ি ধরে নৌকায় মানুষ পারাপার করছেন মাঝি।

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের নন্দকুঁজা নদীর মোল্লাবাজার এলাকায় সেতু নেই। এখনো দড়ি টেনে নৌকায় নদী পারাপার হচ্ছেন মানুষ। সাম্প্রতিক ছবি
 প্রথম আলো

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নন্দকুঁজা নদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন বছর আগে সেতুর নির্মাণের তোড়জোড় শুরু করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেতুর নকশা নিয়ে আপত্তি তোলায় সেই প্রকল্প বাতিল হয়ে যায়। এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন দড়ি টেনে খেয়া পারাপার হচ্ছেন বিয়াঘাট ইউনিয়নের লোকজন। 

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর দুই পারে লম্বা দড়ি ঝোলানো। ওই দড়ি ধরে নৌকা করে মানুষকে নদী পারাপার করছেন মাঝি জমিন আলী। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। ২০২০ সালের ১০ নভেম্বর সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল কুদ্দুস। সেতু হবে শুনে এলাকার মানুষের মধ্যে যে আশা-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল, তা এখন হতাশায় পরিণত হয়েছে। 

কৃষক আবদুল কুদ্দুস বলেন, প্রতিদিন দড়ি টেনে খেয়া পারাপার হওয়াটা মুশকিল কাজ। নদীকে কখনো পানি কম থাকে, কখনো বেশি থাকে। বর্ষাকালে এভাবে পারাপার হওয়াটা ঝুঁকিপূর্ণ। এ ছাড়া কোনো মালামাল থাকলে সেগুলো নিয়ে যাওয়া যায় না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাটোর কার্যালয় সূত্র জানায়, নদীতে একটি সেতু নির্মাণের জন্য নকশা প্রণয়ন ও প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে এলজিইডির প্রধান দপ্তরে প্রকল্প পাঠানো হয়। প্রকল্পটি অনুমোদনের পর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় নকশা ঠিক নেই বলে জানায় বিআইডব্লিউটিএ। তাঁদের আপত্তির কারণে প্রকল্পটি বাতিল হয়ে যায়।

এলজিইডি সূত্র আরও জানায়, পানির সর্বোচ্চ স্তর থেকে ৩ মিটার উচ্চতা ধরে সেতুর নকশা করা হয়েছিল। কিন্তু বিআইডব্লিউটিএর প্রতিনিধিদল ৫ মিটার উচ্চতা চাইছে। এলজিইডির নকশা অনুযায়ী সেতুর দৈর্ঘ্য ছিল ৯০ মিটার। ফুটপাতসহ প্রস্থ ধরা হয় ৭ দশমিক ৩০ মিটার। সেতুটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪ কোটি ৮৪ লাখ টাকা। 

এলজিইডি নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী সেতুর উচ্চতা বাড়ালে সেতুর দৈর্ঘ্য গিয়ে দাঁড়াবে ১৫০ থেকে ১৬০ মিটার। এতে নির্মাণ ব্যয়ও বেড়ে যাবে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক মো. আবদুল মতিন মুঠোফোনে জানান, এলজিইডি যে উচ্চতায় নন্দকুঁজা নদীতে সেতুটি নির্মাণ করতে যাচ্ছিল, সেভাবে সেতুটি হলে নদীতে স্বাভাবিক নৌ চলাচল বাধাগ্রস্ত হবে। এখন উচ্চতা বাড়িয়ে পুনঃ আবেদন করলে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সরেজমিনে পাঠানো হবে। 

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, সব জটিলতার অবসান ঘটিয়ে তাঁরা দ্রুত এখানে একটি সেতু নির্মাণের দাবি জানান।