
ঘরে ছিল বিপুল টাকার ছড়াছড়ি। তা থেকে টাকার একটি তোড়া (বান্ডিল) নিয়ে বাড়ির দুই শিশু যায় দোকানে মিষ্টি কিনতে। ১০ বছরের দুই শিশুর হাতে এক হাজার টাকার নোটের তোড়া দেখে দোকানির সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে দুই শিশুকে অনুসরণ করে প্রায় ২৫ লাখ জাল টাকা উদ্ধার করেছে।
আজ শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামের মো. আবুল কাশেম মিয়ার (৬৫) বাড়ি থেকে এসব জাল টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেমের ১০ বছর বয়সী দুই নাতি এক হাজার টাকার একটি তোড়া নিয়ে ঈশ্বরগঞ্জ শহরে যায়। তারা শহরের সিলভার পট্টির এক মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেয়। শিশুদের হাতে এক হাজার টাকার নোটের তোড়া দেখতে পেয়ে দোকানির সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে দুই শিশুর কাছ থেকে ৯০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে দুই শিশুকে অনুসরণ করতে থাকে পুলিশ। একপর্যায়ে দুই শিশু নানা আবুল কাশেম মিয়ার বাড়িতে চলে যায়। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুলের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বড় একটি ট্রাংকে ২০-২২টি বালিশ দিয়ে চাপা দেওয়া অবস্থায় ২৪টি এক হাজার টাকা নোটের বান্ডিল (২৪ লাখ টাকা) উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কাশেম মিয়ার তিন ছেলে ও ছয় মেয়ে। বড় ছেলে ডালিম মিয়া (৪০) বেকার জীবন যাপন করেন। তিনি বেশ কয়েকটি মামলার আসামি। পুলিশ তাঁর খোঁজে কয়েক দিন পরপর বাড়িতে আসে। এ কারণে তিনি বেশির ভাগ সময় গা ঢাকা দিয়ে থাকেন। কাশেমের এক জামাতার নাম মো. সেলিম মিয়া (৪৫)। সেলিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমরি গ্রামের আবদুল আজিজের ছেলে। সেলিম মিয়া কয়েক মাস আগে রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা, টাকা তৈরির মেশিনসহ র্যাবের হাতে ধরা পড়েছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। দুই দিন আগে সেলিম শ্বশুরবাড়ি থেকে একটি বস্তা নিয়ে গেছেন। শিশুদের দেওয়া তথ্যমতে ও শ্বশুরবাড়ি থেকে বস্তা নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামের লোকজন ধারণা করছেন, সেলিম তাঁর শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ জাল টাকা সরিয়ে নিয়েছেন।
বৃ-দেবস্থান গ্রামের কৃষক আমির হোসেন বলেন, আবুল কাশেম ততটা সচ্ছল নন। অথচ তাঁর বাড়ি সম্প্রতি পাকা করা হয়েছে। তিনি (কাশেম) এসব কীভাবে করছেন, আইনের লোকজনের এদিকে নজর দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, জাল টাকা উদ্ধারের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সবকিছু গোছানোর পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।