দুর্ঘটনাকবলিত পিকআপ ও ইজিবাইক। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা–দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায়
দুর্ঘটনাকবলিত পিকআপ ও ইজিবাইক। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা–দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায়

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে ইজিবাইকের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা–দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফরিদ মিয়া (৫০) ও রুস্তম আলী (৩০)। ফরিদ মিয়া ইজিবাইকচালক। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার বাসিন্দা। রুস্তম আলী ইজিবাইকের যাত্রী। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকের এক যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন ইজিবাইকের অন্য পাঁচ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।