
নরসিংদীর শিবপুর ও মনোহরদীতে ৩ ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। আজ সোমবার দিনভর অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র দেখাতে না পারায় এই তিন ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
ইটভাটাগুলো হলো শিবপুরের বড়ইতলা এলাকার মেসার্স কেবিএম ব্রিকস এবং মনোদরদীর হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও আরএফএস ব্রিক ফিল্ড। প্রতিটি ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া এসব ইটভাটার প্রায় দুই লাখ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয় এবং এক্সকাভেটর দিয়ে এসব ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
এসব ইটভাটার এক কিলোমিটারের ভেতরে আবাসিক এলাকা ও বিদ্যালয় রয়েছে।
নরসিংদীর পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশদূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। বেলা ১১টার দিকে শিবপুরের বড়ইতলা এলাকার মেসার্স কেবিএম ব্রিকসে, ১টার দিকে মনোদরদীর হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ডে এবং ৩টার দিকে ওই এলাকার আরএফএস ব্রিক ফিল্ডে অভিযান চলে। অভিযানে পরিবেশ অধিদপ্তরে জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের নরসিংদীর উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে ইটভাটাগুলো অনেকাংশে দায়ী। যে তিনটি ইটভাটাকে আজ জরিমানা করা হলো, এসব ইটভাটার এক কিলোমিটারের ভেতরে আবাসিক এলাকা ও বিদ্যালয় রয়েছে। পরিবেশের ক্ষতি করে, এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’