সাজা এড়াতে পরিচয় বদলে সৌদি আরব যাত্রা, ছয় বছর পর দেশে ফিরে গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতির ঘটনায় করা মামলায় তিন বছরের সাজা পেয়েছিলেন নুর হোসেন (৩৬)। সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পাল্টে ছয় বছর সৌদি আরবে পালিয়ে ছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল বুধবার বিকেলে ফেনী শহর এলাকা থেকে নুর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

নুর হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ জানায়, ২০১৭ সালের ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির অভিযোগে নুর হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ২০২০ সালের ২৭ ডিসেম্বর আদালত নুর হোসেনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে সোনাগাজী ও ফেনী সদর থানায় আরও ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার বলেন, সপ্তাহখানেক আগে তিনি দেশে আসেন। এরপরও গ্রেপ্তার এড়াতে প্রায়ই স্থান পরিবর্তন করতেন। দুই দিন আগে ছদ্মবেশে তাঁর গ্রামের বাড়িসহ সম্ভাব্য কয়েকটি স্থানে খোঁজখবর নেওয়া হয়। পরে এক ব্যক্তির মাধ্যমে মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করে ফেনী শহর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।