বারহাট্টা আওয়ামী লীগ 

দুই যুগ পর আজ সম্মেলন 

২০০৩ সালের ৩ অক্টোবর বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। 

আওয়ামী লীগের লোগো
আওয়ামী লীগের লোগো

দীর্ঘ দুই যুগ পর আজ সোমবার নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। গত শুক্রবার ওই উপজেলা এবং এর আগের দিন বৃহস্পতিবার মোহনগঞ্জে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু খালিয়াজুরির সম্মেলনে কমিটি নিয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জেলা কমিটি দুটি উপজেলার সম্মেলন স্থগিত ঘোষণা করে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম গতকাল রোববার বিকেলে জানান, গত বৃহস্পতিবার জেলা কমিটি জরুরি সভা করে আজ বারহাট্টা, পরদিন মঙ্গলবার কলমাকান্দা ও বুধবার দুর্গাপুর উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা। তবে মোহনগঞ্জের সম্মেলনের তারিখ নির্ধারিত হয়নি। 

জেলা কমিটি জরুরি সভা করে আজ বারহাট্টা, পরদিন মঙ্গলবার কলমাকান্দা ও বুধবার দুর্গাপুর উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করে।
মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক, জেলা আ.লীগ

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসেবে অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমানের নাম ঘোষণা করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বঞ্চিতরা ‘এই কমিটি মানি না, মানব না’ বলে স্লোগান দিয়ে মঞ্চ ও প্যান্ডেলের চেয়ার ভাঙচুর চালান। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানসহ কয়েকজন নেতার দিকে ধেয়ে যান। পরে পুলিশ তাঁদের মাঠসংলগ্ন ডাকবাংলোয় নিয়ে গেলে সেখানেও নেতা-কর্মীরা বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা চালান। 

২০০৩ সালের ৩ অক্টোবর বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। কাউন্সিলররা আজিজুর রহমানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর ওয়াহেদকে সাধারণ সম্পাদক করেন। পরে ৬১ সদস্যবিশিষ্ট গঠিত কমিটির গত ১৯ বছরে ১৯ জন সদস্য মারা গেছেন। এ ছাড়া দুজন বিএনপিতে যোগদান, একজন বিদেশ আর একজন সরকারি চাকরিতে যোগ দেন। সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির, জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হকসহ চারজন প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেনসহ অন্তত আটজন প্রার্থী হয়েছেন। 

কলমাকান্দায় কাল মঙ্গলবার সম্মেলন হওয়া কথা। উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ২৬ মে। কাউন্সিলরদের ভোটে চন্দন বিশ্বাস সভাপতি ও আনোয়ার আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।