খুলনায় ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘটের কারণে বন্ধ ছিল ট্যাংকলরি চলাচল। রোববার খুলনার যমুনা ট্যাংকলরি টার্মিনালে
ছবি: সাদ্দাম হোসেন

কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেল মালিক সমিতি। রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, ২৪ ঘণ্টার ধর্মঘট চলাকালে বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে দুই দফা দাবির বিষয়ে আগামীকাল (সোমবার) মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। কর্মসূচি স্থগিত করায় রোববার থেকেই ট্যাংকলরি চলাচল করবে। সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে আশ্বাস পাওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে রোববার সকাল আটটা থেকে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছিলেন ট্যাংকলরি মালিক-শ্রমিকেরা। এতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরিতে তেল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হলেও জ্বালানি তেল বিক্রির ওপর ডিলারস কমিশন বৃদ্ধি না করা এবং ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি না করার প্রতিবাদে এ পদক্ষেপ নিতে হয়েছিল তাঁদের।

বিভাগীয় কমিটি সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনো ফল পায়নি। জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণ বাড়লেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ অবস্থায় তারা প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে কমিশন দেওয়ার দাবিতে রোববার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টা খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না বলে জানানো হয়েছিল। তবে এ সময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন থেকে তেল (নিজ নিজ পাম্পে মজুত করা) সরবরাহ অব্যাহত ছিল।