
পাকুড়গাছের গোড়া থেকে প্রায় চার ফুট উঁচুতে পরানো ধুতি, গায়ে গামছা আর মাথায় টোপর। ছোট্ট একটি ডালে ঝোলানো ছাতা, দেখে মনে হয় ছাতা হাতে দাঁড়িয়ে আছে বর। পাশেই বটগাছে একই উচ্চতায় পরানো হয়েছে বিয়ের হলুদ শাড়ি ও লাল ব্লাউজ, ছোট ডালে শাখা। ওপরের দিকে শাড়িটি এমনভাবে জড়ানো, যেন নববধূ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘুমটার আড়ালে দেখা যাচ্ছে সিঁদুর। দুটি গাছকে গাঁদা ফুলের মালায় এমনভাবে জড়ানো হয়েছে, যেন তারা একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে।
এমনই ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সানাই বাজিয়ে সম্পন্ন হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের বিয়ে। এ উপলক্ষে গ্রামের পাঁচ শতাধিক অতিথিকে মধ্যাহ্নভোজ করানো হয়। খাবারের মধ্যে ছিল সবজি–খিচুড়ি আর পায়েস।
ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউট বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক মো. সোহাগ মিয়া বলেন, এলাকায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তা অটুট থাকুক—এটাই প্রত্যাশা।
এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবরে এক ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো সেই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। গত তিন বছরের যত্নে চারা দুটি এখন বেশ বড় হয়েছে। তাই গ্রামের মুরব্বিরা মিলে এই নতুন জুটিকে আনুষ্ঠানিকভাবে এক করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিয়ের আগে বর-কনের নামও ঠিক করা হয়। পাকুড়গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয় তীর্থ শিকদার। আর বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয় শুক্লা সরকার। প্রথমে বর ও কনের নাম প্রস্তাব করেন চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার। গ্রামবাসী তাতে একমত হন। বিয়েতে দাওয়াত দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও এলাকায় মাইকিং করে। এ নিয়ে প্রথম আলো অনলাইনে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়।
আজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, রুহিৎপুর গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া গাছের গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। তার পাশেই সজানো বর–কনে। চিকন হলেও পাকুড়গাছটি উচ্চতায় প্রায় ১৫ ফুট, বটগাছ প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট-সিমেন্টের গোল বেষ্টনী।
গতকাল বৃহস্পতিবার রাতে মূল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বউভাত ও সনাতন ধর্মমতে বাসী বিয়ের আয়োজন করা হয়। এ ছাড়া আজ পূর্বনির্ধারিত এই বিয়ের অসম্পূর্ণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই গ্রামটির বটতলায় উৎসুক জনতা জড়ো হতে থাকেন। সেখানে বর ও কনেপক্ষের লোকজন একে অপরকে মিষ্টিমুখ করান।
বেলা ১১টার পর প্রতীকী পাকুড় ও বটগাছ নিয়ে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কয়েক শ নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি রুহিৎপুর ছাড়াও পাশের ভাতগ্রাম ও বাগজান গ্রাম প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে গ্রামের একটি পুকুর থেকে কলসি ভরে পানি নিয়ে জলসাওয়া বা গঙ্গাবরণের রীতি পালন করেন কনে বটগাছ শুক্লা সরকারের বড় ভাই শিশির সরকারের স্ত্রী কৃষ্ণা কাবেরী।
শোভাযাত্রাটি আবার বিয়ের নির্ধারিত স্থান বটতলায় এসে শেষ হয়। সেখানে দুপুরের পর পুরোহিত মন্তোষ গোস্বামী মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভদৃষ্টির মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। রীতিমতে গ্রামের দুই নারী প্রতীকী পাকুড় ও বটগাছ কোলে নেন। তাঁদের দুজনের শাড়ির আঁচলের একপাশে বাঁধা হয়। পাকা গোলবেষ্টনীর চারপাশে সাত পাকে ঘোরেন। তাঁদের পেছনে নেচে-গেয়ে অন্যরাও ঘোরেন। এরই মধ্যে শেষ হয় পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের সাত পাকে বাঁধার অনুষ্ঠান। ব্যতিক্রমী এই বিয়ে দেখতে হিন্দু-মুসলিম নির্বিশেষে গ্রামের কয়েক শ মানুষ বটতলায় ভিড় জমান।
কনের বাবা বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে। তিনি বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হবে। বর ও কনে উভয় পক্ষই জানায়, বিয়েতে কোনো প্রকার যৌতুকের বিষয় আসেনি। তাঁরা আজীবন নতুন সম্পর্ক টিকিয়ে রাখবেন।
কনে বটগাছের বাবা পবিত্র কুমারের পুত্রবধূ কৃষ্ণা কাবেরী তিনি বলেন, ‘এটা আমাদের গ্রামের প্রচলিত প্রথা হলেও দুই ফ্যামিলির সঙ্গে যে সম্পর্কের সূচনা হলো, তা ভবিষ্যতেও আমরা মেইনটেইন করে চলব।’
পবিত্র কুমারের নাতি শীর্ষ সরকার বলেন, ‘কনে বটগাছ শুক্লা সরকার আমার ফুফু। আমরা বৃহস্পতিবার রাতে যখন বিয়ে হয় তখন বরপক্ষের গেট আটকিয়ে দিয়েছিলাম। তারা আমাদের ৫০০ টাকা দিয়েছিল। অনেক মজা করেছি আমরা।’
চিত্তরঞ্জন শিকদারের মেয়ে দিপীকা শিকদার বলে, ‘আমাদের কোনো ভাই নেই। আমরা দুই বোন। আমাদের ভাই থাকলে যে রকম মজা করত, ঠিক সেই রকমই মজা করছি। গ্রামের সবাই আমাদের উৎসাহ দিচ্ছেন।’