
গাজীপুরের শ্রীপুরে বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন (৪০) ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৫)।
পুলিশ জানিয়েছে, গত ২৯ নভেম্বর শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জসিম ও রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিএনপির ২৩ নেতা–কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম বলেন, গায়েবি মামলায় বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গায়েবি মামলায় শ্রীপুরের মোট ১৩ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে পুলিশ পরিদর্শক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।