অন্য গাড়ি তল্লাশির মুখে পড়লেও পুলিশের বাধা ছাড়াই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী গাড়ি নারায়ণগঞ্জ থেকে ঢাকার সমাবেশে যোগ দিতে যেতে পারছে। আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়
অন্য গাড়ি তল্লাশির মুখে পড়লেও পুলিশের বাধা ছাড়াই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী গাড়ি নারায়ণগঞ্জ থেকে ঢাকার সমাবেশে যোগ দিতে যেতে পারছে। আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়

আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়িতে পুলিশের ছাড়, অন্য গাড়িতে কঠোর

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে যাওয়া নেতা-কর্মীদের গাড়িগুলো পুলিশের তল্লাশি ছাড়াই ঢাকায় প্রবেশ করতে পারছে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ির বাইরে সব গণপরিবহনকে তল্লাশিচৌকিতে থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে পুলিশ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান করে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এখানে বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নেন। তাঁরা ঢাকাগামী সব গণপরিবহনে তল্লাশি চালান এবং গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। সাইনবোর্ড থেকে কোনো যাত্রী যেন রাজধানীর উদ্দেশে গাড়িতে উঠতে না পারেন, এ কারণে পুলিশ কঠোর অবস্থানে আছে।

সাইনবোর্ড মোড়ে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক সামাদ দাবি করেন, তাঁরা সন্দেহভাজন গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছেন। কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়ি পুলিশ চেকপোস্টে আটক করছে ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের নেতা-কর্মীদের গাড়ি পুলিশ আটক করলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি বাধা ছাড়াই ঢাকায় প্রবেশ করছে। এতেই বোঝা যাচ্ছে, পুলিশ পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, ফতুল্লায় তাঁদের নেতা-কর্মীদের বাধা দিয়েছেন আওয়ামী লীগের লোকজন। সাইনবোর্ডে তাঁদের সাতজনকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, মহাসড়কের নিরাপত্তা রক্ষায় পুলিশ কাজ করছে। বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।