
হবিগঞ্জের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক (জেলা ও দায়রা জজ) এস এম নাসিম রেজা এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. মোস্তফা মিয়া (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন শহিদ মিয়া ও মোস্তফা মিয়া মাধবপুর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর দুজনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল হক চৌধুরী জানান, আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে।