সেতুর কাজের অগ্রগতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রকৌশলী ও ঠিকাদার।

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নে একটি সেতু নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। নির্ধারিত মেয়াদ শেষ হলেও সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৬০ ভাগ। এতে মানুষের চলাচলে বেড়েছে ভোগান্তি ও দুর্ভোগ। ইউনিয়নের ডাকুয়া নদীর ওপর আনন্দনগর-খাগড়াবাড়িয়া এলাকায় ৮১ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করা হচ্ছে।
সেতুর কাজের অগ্রগতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রকৌশলী ও ঠিকাদার। ঠিকাদার বলছেন, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়ে বারবার সেতুর কাজ পরীক্ষা, নিরীক্ষা করতে আসেন। প্রতিবার তাঁদের খুশি (টাকা) করতে হয়। খুশি করতে ব্যর্থ হওয়ায় নির্মাণকাজ আগাচ্ছে না। আগামী বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।
তবে ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী বলছেন, ঠিকাদারের কারিগরি জনবল নেই। শ্রমিক দিয়েই কাজ চালান। এ জন্য সেখানে বারবার যেতে হয়।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে খাগড়াবাড়িয়া এলাকায় সেতু নির্মাণকাজ চলছে। ৫৫৫ দিন মেয়াদি সেতুর নির্মাণকাজ করছে ঢাকা উত্তরার এমএলটি অ্যান্ড এমই এইচ (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের নাম ইকরামুল হক। সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ছিল চলতি বছরের ৩০ জুন। নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হয়েছে ৬০ ভাগ।
এরপর ঠিকাদারের আবেদনের ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেই মেয়াদও শেষ হয়েছে। বর্তমানে ৯টি গার্ডারের মধ্যে ৬ নম্বর গার্ডারের কাজ চলছে।
স্থানীয় সূত্র জানায়, কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ১০ থেকে ১২টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ খাগড়াবাড়িয়া এলাকা দিয়ে চলাচল করে। সেখানে আগে বাঁশের পাটাতনের সেতু ছিল। বর্তমানে পাকা সেতুর নির্মাণকাজ চলছে। চলাচল করার জন্য নির্মাণাধীন সেতুর পাশে আরেকটি জরাজীর্ণ বাঁশের পাটাতনের সেতু রয়েছে। ওই বাঁশের সেতু দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।
গত রোববার গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গার্ডার ঢালাইয়ে সাটারিংয়ের কাজ করছেন। মানুষ বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল করছে। সেখানে প্রকৌশলী কার্যালয়ের কাউকে দেখা যায়নি। বাঁশের সেতু দিয়ে চলতে গিয়ে ভ্যান ও ইজিবাইক উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে।
পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল বিশ্বাস বলেন, কাজের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সেতু নির্মিত হয়নি। ঠিকাদার ও প্রকৌশলীদের গড়িমসিতে কাজ আগাচ্ছে না। মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
কাঁচেরকোল ইউপির সদস্য সাহেব আলী বলেন, পান্টি নাম করা বাজার। পাশের শৈলকুপার অধিকাংশ কৃষক মালামাল নিয়ে সেখানে যান। কিন্তু সেতুর কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার ইকরামুল হক বলেন, উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে কর্মকর্তা, কর্মচারীরা সেতু এলাকায় প্রায়ই আসেন। যতবার আসেন, ততবারই তাঁদের খুশি (টাকা) করতে হয়। মাঝেমধ্যে খুশি করা সম্ভব হয় না। এতে নানা সমস্যার সৃষ্টি হয়। আশা করা যাচ্ছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
তবে ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘ঠিকাদারের কারিগরি জনবল নেই। সাধারণ
শ্রমিক দিয়েই কাজ চালান। এতে কিছুটা কাজের বিলম্ব হচ্ছে। আমাদের বারবার সাইটে যেতে হয়। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’