
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে টানা চার দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর আজ সোমবার শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেলার তেঁতুলিয়া উপজেলায় আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি থেকে গতকাল রোববার পর্যন্ত তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। কয়েক দিন ধরে দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল সাড়ে ৯টার পর হালকা রোদ উঠলেও হিমালয়ের বাতাস সরাসরি তেঁতুলিয়া দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে এই এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহ এই এলাকায় আবহাওয়া একই রকম থাকতে পারে বলে তিনি জানান।
এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে জেঁকে বসা শীত, উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। প্রতি রাতেই বৃষ্টির মতো কুয়াশা ঝরে। ঘন কুয়াশার দাপট থাকে অনেক বেলা পর্যন্ত। তবে আজ সকাল সাড়ে ৯টার পর দেখা মিলেছে সূর্যের। উঠেছে ঝলমলে রোদ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা যখন ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, তখন পঞ্চগড় জেলা শহরের পাশে মিলগেট এলাকায় করতোয়া নদীর হিমশীতল পানিতে নেমে নৌকায় বালু তুলছিলেন রেজাউল করিম (৪২) ও হামিদুল ইসলাম (৪৬) নামের দুই শ্রমিক। তাঁদের পরনে টি-শার্ট আর লুঙ্গি। শীত থেকে রক্ষা পেতে দুজনই মাথায় পরেছেন টুপি আর গলায় পেঁচিয়েছেন মাফলার। তাঁদের বাড়ি সদর উপজেলার গারিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায়। প্রতিদিন সকালে বালু তোলার কাজ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা।
শীতের প্রসঙ্গ তুলতেই রেজাউল করিম বলেন, ‘ঠান্ডার সময় হামার (আমাদের) কষ্ট বেশি, সারা রাইত ঠান্ডা বাতাস বহচে, সকালে ঠান্ডার তানে (জন্য) কামোতও (কাজে) আসিতে দেড়ি হচে। ঠান্ডা পানি খানোত নামিলে মনে হচে হাত-পাও লা কাটা যায় পালাছে, বিকাল হইলে আর নদীত থাকা যায় না।’
এদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে পরনের জ্যাকেট, মাফলার আর লুঙ্গি বদলে টি–শার্ট আর হাফপ্যান্ট পরছিলেন বালুশ্রমিক মজিবর রহমান (৪০), রেজাউল ইসলাম (২৮) আর রবিউল ইসলাম (৩০)। নদীতে নেমে তাঁরাও বালু তুলবেন বলে জানান।
মজিবর রহমান বলেন, ‘হামার গরিবের পেট আছে বলেই তো এত কষ্ট, ঠান্ডার তানে (জন্য) কামোত আসিতে দেড়ি হয়া গেল, ঠান্ডা পানিখানোত নামে বেশিক্ষণ রহিলে নাক দিয়ে পানি পড়েছে। কিন্তু আইজকা সকালে একটু রোদ উঠিচে এইতানে (এ জন্য) কাম করে কনেক (একটু) আরাম পামো।’
এদিকে টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এসব রোগ এড়িয়ে চলতে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, কয়েক দিন ধরে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। শীতের এ সময়ে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে। বিশেষ করে শিশুদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় মাস্ক ও পর্যাপ্ত গরম কাপড় পরতে হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কম্বল বিতরণের প্রক্রিয়া চলছে।