আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আগুন নিয়ে খেলছেন: রুহুল কবির রিজভী

নারায়ণগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগুন দিয়ে খেলতে যাইয়েন না। ভয়ংকরভাবে জ্বলে পুড়বেন। এ সরকারের পরিণতি খুব একটা সুখকর হবে বলে আমরা মনে করি না।’

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে যুবদলের দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী প্রশাসনের লোকজন মনে করেছেন, একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করলে তাঁরা ভয় পেয়ে যাবেন। কিন্তু তাঁরা জানেন না, শেখ হাসিনাও জানেন না, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গুলির মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন, প্রতিবাদ করেন। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে বিএনপি মাসব্যাপী কর্মসূচি ডেকেছে, অথচ সেই কর্মসূচিতে আঘাত করা হচ্ছে।

প্রশাসনের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সরকারের লেজুড়বৃত্তি করে কোনো লাভ হবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যাঁরা অন্যায়-অত্যাচার, হত্যা-গুম করেছেন; তাঁদের প্রত্যেককে ফৌজদারি অপরাধের আওতায় জনগণের আদালতে বিচার হবে। একদিন এ দেশে সুশাসন ফিরে আসবে, সেদিন এই নারায়ণগঞ্জের মাটিতেই শাওনের হত্যাকারীদের বিচার হবে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের মামলা-হামলা করে দমানো যাবে না।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আজহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।