বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি

নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি দুই দিনেও

পানিতে ডুবে নিখোঁজ
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে চেঙ্গেরখাল নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া আনফর আলীর (৫৫) খোঁজ মেলেনি দুই দিনেও। আজ বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা চেঙ্গেরখাল নদে সন্ধান চালিয়েও আনফরের সন্ধান পায়নি। এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙ্গেরখাল নদে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ওই নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা আনফর আলী, স্ত্রী হায়ারুন বেগম (৪৫) ও ছেলে রহুল আমিন (১০) চেঙ্গেরখাল নদে ডুবে যান। তাঁরা উপজেলার হাতিরকান্দ্রি গ্রামের বাসিন্দা।

এ সময় আশপাশের মানুষ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রহুল আমিনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে হায়ারুন বেগমের লাশ পাওয়া যায়। তবে আনফর আলীর সন্ধান পাওয়া যায়নি।

থানা-পুলিশ জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। সে সঙ্গে বাল্কহেডে থাকা চারজনকে আটক করা হয়। হায়ারুন বেগমের মৃত্যুর ঘটনায় বুধবার পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ সন্দেহভাজন হিসেবে চারজনের বিরুদ্ধে মামলা করার পর মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, ওই চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।