রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে টাকা ছিনিয়ে নিতে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই শিক্ষককে হত্যার অভিযোগে হওয়া মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পাংশা থানায় প্রেস ব্রেফিংয়ে করে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
ওই প্রেস ব্রেফিংয়ে বলা হয়, গতকাল শনিবার রাতে গ্রেপ্তার তিনজন হলেন পাংশার কলিমোহর ইউনিয়নের নওয়া বনগ্রামের সজীব শিকদার, শেখ পাড়ার রাসেল মণ্ডল ও সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের রমজান শেখ (৪০)। তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি করেছে। এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন হলেন পাংশা উপজেলার বসাকুষ্টিয়া গ্রামের অসীত বিশ্বাস, হাটবন গ্রামের শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার ও বাদল সরকার। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে মিজানুরের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন। আজ পাংশায় থানায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কুলশিক্ষক মিজানুর রহমান (৪৫) পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। মিজানুর শিক্ষকতার পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভুসি মালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেনডাঙ্গা বাজারে মিজানুর রহমানের সার-কীটনাশকের ব্যবসাপ্রতিষ্ঠান প্রিন্স ট্রেডার্সে আজ হালখাতা ছিল। তিনি ব্যবসায়িক কাজ সেরে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলে আরও দুজন ব্যক্তি ছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ মিটার দূরে সাবেক ইউপি সদস্য ওয়াজেদের বাড়ির সামনের রাস্তায় এসে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। তাঁরা মোটরসাইকেল থেকে নামিয়ে মিজানুর রহমানের কাছে টাকা চায়। কিন্তু টাকা না পেয়ে তাঁরা তাঁকে গুলি করে হত্যার পর চলে যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির স্ত্রী শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আজ বেলা তিনটার দিকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে তিনি (মিজানুর) দোকানে যান। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভালো মানুষ গেল। কিন্তু ফিরলেন লাশ হয়ে। আমাদের সবকিছু তছনচ হয়ে গেল। আমার স্বামী নিজের মতো চলাফেরা করতেন। প্রতিবাদী ছিলেন। তাঁর তেমন কোনো শত্রু ছিল না। হোসেনডাঙ্গা বাজারে আমাদের দোকানের পাশের দোকানদার অসীত বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। আজও জমির বিষয়ে ফোনে কথা বলতে শুনেছি। আমি বারবার এসব জমি কিনতে নিষেধ করতাম।’
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার ও বাদল সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অসীত বিশ্বাস ও বিজয় কুমার সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গতকাল রাতে গ্রেপ্তার করা তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।