দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায়
দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আজ  দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায়

ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশু, জরাজীর্ণ সেতু থেকে পড়ে প্রাণ গেল

রাঙামাটির লংগদু উপজেলায় সেতু থেকে পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যে সেতু থেকে শিশুটি পড়েছে, এটি জরাজীর্ণ ছিল। এর দুই পাশের রেলিং ছিল না। সেখান থেকে অসাবধানতাবশত শিশুটি নিচে পড়ে যায়।

নিহত শিশুর নাম মো. রাফি (৬)। সে ওই এলাকার নাছির উদ্দিনের ছেলে। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। স্কুল ছুটি পর বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলিং না থাকায় সেতুটি পার হওয়ার সময় অসাবধানতাবশত শিশুটি নিচে পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তি দূর থেকে বিষয়টি দেখেন। এরপর তিনি এলাকার লোকজন জড়ো করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই এলাকা থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বলেন, ‘স্কুল শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। সেতুটি পার হতে গিয়ে রাফি নিচে পানিতে পড়ে যায়। আমরা স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই, কিন্তু ততক্ষণে সব শেষ। দীর্ঘদিন ধরেই সেতুটি চলাচলের অনুপযোগী ছিল। ঝুঁকি নিয়েই এলাকার মানুষজন এতে চলাচল করেন।’

জানতে চাইলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ‘করল্যাছড়ি সেতু থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’