নোয়াখালীতে এসএসসির কেন্দ্রসচিবকে অব্যাহতি, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসা. ফেরদাউস আকতারকে এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় অদক্ষতা ও কেন্দ্রের নানা অব্যবস্থাপনার অভিযোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের আশপাশে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব রাহাতে জান্নাত ফেরদাউস আকতার ১৪৪ ধারা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া কেন্দ্রের ভেতরও নানা অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। তাই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রের ভেতর নানা অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। তাই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকে ‘অন্যায় ও সুপরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত ফেরদাউস আকতার। রাতে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন ক্ষেত্রে টুকটাক দু-একটি ত্রুটি থাকতে পারে। কিন্তু তার জন্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যৌক্তিকতা নেই। একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে তাঁকে দায়িত্ব থেকে সরানোর নেপথ্যে কাজ করেছে।

ফেরদাউস আকতার আরও অভিযোগ করেন, পরীক্ষা শুরুর পর বরং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা অপ্রয়োজনে তাঁর দপ্তরে দীর্ঘ সময় বসে থেকে কাজে বিঘ্ন ঘটিয়েছেন। তাঁদের জন্য উন্নত মানের নাশতার ব্যবস্থা কেন করা হয়নি, সেটি নিয়েও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন তাঁরা। নানা বিষয়ে কৈফিয়ত চেয়েছেন, যা কোনোভাবে তাঁরা করতে পারেন না।

সেনবাগ উপজেলায় এসএসসির পাঁচটি, দাখিলের দুটি ও এসএসসি ভোকেশনালের একটিসহ মোট আটটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ৪ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করলেও ৯৫ জন অনুপস্থিত ছিল।