খুলনা মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে অপসারণ দাবি করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিশেষ করে ২৪ ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মুনীর উল গিয়াসকে অপসারণের দাবি জানানো হয়।
অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুরে নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতারা এ ঘোষণা দেন। সমাবেশে খুলনা নগরের আইনশৃঙ্খলার চরম অবনতি, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদার হত্যাকাণ্ড, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের ওপর সন্ত্রাসী হামলার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, স ম আ রহমান, নুরুল হাসান, খান জুলফিকার আলী, কাজী মাহমুদ আলী, শের আলম, আবুল কালাম, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, গাজী তফসির আহমেদ, মোল্লা খায়রুল ইসলাম, একরামুল হক, মাসুদ পারভেজ, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী, এনামুল হক, কে এম হুমায়ূন কবির, হাফিজুর রহমান, মিজানুর রহমান মিলটন প্রমুখ।
মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন তাঁর বক্তব্যে বলেন, ‘পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে গোপন বৈঠক করছে। বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। নগরের রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সাংবাদিকেরা চরম নিরাপত্তায় রয়েছেন। কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা আমরা জানতে চাই। পুলিশকে মনে রাখতে হবে, এটা শেখ হাসিনার জমানা নয়।’
বিএনপির অন্য নেতারা বলেন, গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। বিএনপির দুজন নেতাসহ গত চার মাসে মহানগরে ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থ। এ ছাড়া মাদক ব্যবসা বন্ধ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, খুন, জখম, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধপ্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না। পুলিশের সঙ্গে লিয়াজোঁ করে অপরাধীরা নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে করে নগরবাসী চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।
বক্তারা আরও বলেন, খুলনার অলিগলি মাদকে সয়লাব হয়ে গেছে, কিন্তু পুলিশ এ অপরাধ দমনে কার্যত কোনো ভূমিকা রাখছে না। ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমিন মোল্লা এবং ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি। মানিক নিহত হওয়ার আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ মামলা নেয়। পরে একজনকে আটক করা হলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। ওই সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া না হলে আজ মানিক হত্যাকাণ্ড ঘটত না।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পি সি রায় রোড, যশোর রোড, ফেরিঘাট ঘুরে স্যার ইকবাল রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশের ব্যর্থতা ও ওসিদের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।