নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত বিটিভির প্রতিবেদক ও তাঁর মোটরসাইকেল চালক। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত বিটিভির প্রতিবেদক ও তাঁর মোটরসাইকেল চালক। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নোয়াখালী-৬ আসন

হাতিয়ায় বিচ্ছিন্ন সহিংসতা, সাংবাদিকের ওপর হামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলায় মিরাজকে বহনকারী মোটরসাইকেলের চালক মো. সাকিবও গুরুতর আহত হন।

এ ছাড়া গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত পাল্টাপাল্টি হামলায় বিএনপি ও এনসিপির প্রায় অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মধ্যে চারজনকে ভর্তি রেখে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুল হক। প্রথম আলোকে তিনি বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই আঘাত গুরুতর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার হন মিরাজকে বহনকারী মোটরসাইকেলের চালক সাকিবও। হামলাকারীরা দুজনকেই কুপিয়ে আহত করে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নেও ধানের শীষ ও শাপলা কলির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত কর্মী সমর্থক আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হান্নান মাসউদের ঘনিষ্ঠ হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত সোনাদিয়া, জাহাজমারা, নিঝুম দ্বীপ, চর ঈশ্বর ও চানন্দী ইউনিয়নে তাঁদের প্রায় অর্ধশত কর্মী সমর্থক বিএনপির কর্মীদের হামলায় আহত হয়েছেন। এ ছাড়া আজ ভোট গ্রহণ শুরুর পরপরই জাহাজমারা ইউনিয়নের কয়েকটি কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক খোকন প্রথম আলোকে বলেন, এনসিপির শাপলা কলির কর্মী–সমর্থকদের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন। তাঁরা নির্বাচনে নিজেদের ভরাডুবি বুঝতে পেরে নানা গুজব ছড়াচ্ছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা তিনি শুনেছেন। যেখানেই কোনো ঘটনার খবর পাওয়া গেছে, তাৎক্ষণিক পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে ব্যবস্থা নিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।