নাজিরপুরে আ.লীগের ৯৭ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

আদালত
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ উপজেলার দীর্ঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল কবির বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক গোলাম রসুল মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তর নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আকন্দ জানান, ৮ সেপ্টেম্বর বিকেলে নাজিরপুর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ছিল। সমাবেশ চলাকালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিএনপির কার্যালয়ে হামলা চালান। এরপর তাঁরা ওই কার্যালয় ভাঙচুর ও মালামাল লুট করেন। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় হামলায় বিএনপির নেতা-কর্মীরা আহত হন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরীকে। এ ছাড়া পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুই ভাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম (মেজ ভাই) ও নূর ই আলম শাহীনকে (ছোট ভাই) ওই মামলায় আসামি করা হয়েছে।

বিএনপির সমাবেশ চলাকালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিএনপির কার্যালয়ে হামলা চালান। এরপর তাঁরা ওই কার্যালয় ভাঙচুর ও মালামাল লুট করেন।

প্রধান আসামি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা করা হয়েছে।’

৮ সেপ্টেম্বর বিকেলে দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে নাজিরপুর উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ যোগ দিয়ে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলার সাতকাছিমা, কালীবাড়ি মোড়, কলেজ মোড় ও হাসপাতালের সামনের সড়কে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল চারটার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এবং সমাবেশ শেষে সাড়ে পাঁচটার দিকে থানার সামনের সড়কে দুই দফা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় দলের অর্ধশত নেতা-কর্মী আহত হন। এরপর বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সংঘর্ষের ঘটনায় পরদিন রাতে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানকে প্রধান আসামি করে ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। ওই রাতে পুলিশ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।