গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ার অভিযোগ করে বাবার কবর ভাঙচুর করেছেন ছেলে শাহ আলম
গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ার অভিযোগ করে বাবার কবর ভাঙচুর করেছেন ছেলে শাহ আলম

গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে কবর ভাঙচুরের একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির পাশে কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক কখনো লাঠি দিয়ে, কখনো লাথি মেরে কবরের বেড়া ভাঙচুর করছেন। গালিগালাজ করার শব্দ শোনা যাচ্ছিল। কবরের বেড়া ভাঙচুর করে তছনছ করার পর তিনি শান্ত হন।

এলাকাবাসীর ভাষ্য, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি গ্রামের আবদুল মান্নান মারা যাওয়ার আগে চার বিঘা জমি তাঁর বড় ছেলে জালাল উদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া ও পঞ্চম ছেলে শাহ আলমের মধ্যে ভাগ করে দেন। দ্বিতীয় ছেলেকে বেশি জমি দেওয়া হয়েছে এবং শাহ আলমকে কম জমি দেওয়া হয়েছে, এটাই শাহ আলমের অভিযোগ।

ক্ষুব্ধ শাহ আলম গতকাল বেলা দেড়টার দিকে তাঁর বাবার কবরে গিয়ে ভাঙচুর করেন। দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায় বাবার কবর দেওয়া হয়।

এ বিষয়ে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

কবর ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হাক্কানীও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।