আবু গালিব। ছবি: সংগৃহীত
আবু গালিব। ছবি: সংগৃহীত

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ

পুকুরের পাড়ে পড়ে ছিল একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি গেঞ্জি। তবে মালিকের দেখা মিলছিল না। তাকে খুঁজতে একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাত ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হয় এক কিশোরের মরদেহ।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম আবু গালিব। সে শহরের মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মোহাম্মদ কৌশল এবং মায়ের নাম জেসমিন সুলতানা। তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। তবে তাঁরা কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস এলাকার ফাতের ঘোনা এলাকায় বসবাস করে আসছেন।

একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আবু গালিব। এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গালিব ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে তার সহপাঠীরা বুঝতে পারেনি। পুকুরপাড়ে জুতা–কাপড় পড়ে থাকার পরও দীর্ঘক্ষণ তার দেখা না মেলায় গালিবকে খোঁজাখুঁজি শুরু করে তারা। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে কিশোরটির সন্ধান মিলছিল না। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, রাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে গালিবের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।