
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এখন তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিলে রিজার্ভ একদম কমে যাবে। এতে দেশ হুমকির মুখে পড়ে যাবে। তার চেয়ে বরং এখনই কিছুটা কষ্ট করে আমরা সাবধান হই। তেল কম খরচ করেন, বিদ্যুৎ কম খরচ করেন, আমরা একটু সাশ্রয় করি, একটু কম খাই।’
আজ রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ‘বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
সরকার ইচ্ছা করে জ্বালানি তেলের দাম বাড়ায়নি মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। এ যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তেলের দাম কমার সম্ভাবনা নেই। এ অবস্থায় রিজার্ভ ভেঙে ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করা হলে আগামী দিনে বড় কোনো বিপর্যয় হলে তখন কী করবে সরকার? এ কারণে এখনই তেলের দাম সমন্বয় করা হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, আমন ধান বৃষ্টিনির্ভর। ফলে চলতি আমন মৌসুমে ডিজেলের তেমন প্রয়োজন নেই। পর্যাপ্ত বৃষ্টি হলেই হবে। তবে আগামী বোরো মৌসুমে ডিজেলের দাম বেশি থাকলে সরকার কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে।
জ্বালানি তেলের মূল্য বাড়ায় কৃষকের লাভ কম হলেও উৎপাদন কম হবে না বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আন্তর্জাতিক বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। দেশকে তো আমরা ঝুঁকির মধ্যে নিতে পারি না। তেলের মূল্য বৃদ্ধি হলে এর একটি বিরূপ প্রভাব পড়বে, তা যে সরকার জানে না, তা কিন্তু নয়। এরপরও সাময়িক এই কষ্ট নিয়ে আমরা যেন টিকে থাকতে পারি।’
কুমিল্লার কৃষকেরা নতুন প্রযুক্তি দ্রুত গ্রহণ করে নেন বলে এ সময় মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। ফসল সংরক্ষণে হিমাগার করার কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘দুই একর জায়গায় একটি হিমাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করি, এতে করে কৃষকেরা উপকৃত হবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক (রিফাত)। কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জেলার এবং চট্টগ্রাম ও সিলেটের কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকার কৃষির অবস্থা তুলে ধরেন।