সব খরচ বাদে তাঁর এবার তিন-চার লাখ টাকা লাভ হবে। রোজা সামনে রেখে আবার চাষের প্রস্তুতি নিচ্ছেন।
মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম। বাংলাদেশে আগে থেকেই বিদেশি এই ফলের আবাদ হলেও সিলেট জেলায় এই প্রথম বাণিজ্যিকভাবে সাম্মাম চাষ করেছেন জহির আলী (৪২)। সাম্মাম গ্রীষ্মকালীন ফল হলেও দাম ভালো পাওয়ার জন্য আগাম চাষ করে বিক্রি শুরু করেছেন জহির আলী। প্রথম পর্যায়ে তিন বিঘা জমিতে চাষ করে চার লাখ টাকার লাভ পাওয়ার আশা করছেন তিনি।
ছোট কুমড়ার আকারের সাম্মাম ফলের ভেতরটা দেখতে ও খেতে বাঙ্গির মতো। আমাদের দেশে ফলটি সাম্মাম হিসেবে পরিচিতি পেলেও, অনেকে এটাকে রকমেলন বা হানিডিউ মেলন নামে চেনেন। আগে দেশে এর খুব একটা চাষ হয়নি। বর্তমানে অনেক কৃষক বিদেশি এই ফল চাষে আগ্রহী হচ্ছেন।
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে জহির আলীর সাম্মামখেত। সম্প্রতি সেখানে সরেজমিনে দেখা যায়, সাম্মামগাছে ঝুলছে গোলাকৃতির ফল। প্রায় প্রতিটি গাছে দুই থেকে তিনটি করে ফল ধরেছে। পলিথিন দিয়ে ঢাকা, ফাঁকে ফাঁকে পুরো খেত ফলে ভরে রয়েছে।
জহির আলী তাঁর খেত ঘুরিয়ে দেখান আর তাঁর কৃষিতে আগ্রহী হওয়ার গল্প শোনান। সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস করার পর দুই বছর বেকার ছিলেন। এ সময় তিনি নিজের খেতে সবজি চাষ শুরু করেন। পরে বেসরকারি আর্থিক একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য তিনি চার বছর ধরে শ্রমিক রেখে সবজি চাষ শুরু করছেন। এ বছর সবজি চাষের পাশাপাশি সাম্মামও চাষ করেছেন।
মরুভূমির ফল চাষের বিষয়ে জহির বলেন, ‘সবজির পাশাপাশি নতুন কিছু একটা চাষ করার জন্য খুঁজছিলাম। ইউটিউব ঘেঁটে সাম্মাম সম্পর্কে জানতে পারি। বিষয়টি নিয়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলি। ঢাকার পরিচিত সবজি ও ফল আমদানি–রপ্তানিকারক এক ব্যবসায়ী সাম্মাম চাষে উৎসাহ দেন। ওই ব্যবসায়ী ইন্দোনেশিয়া থেকে জাম্বু জাতের সাম্মাম ফলের বীজ সংগ্রহ করে দেন। এরপর সিলেটের বাইরের কয়েকজন সাম্মামের চাষির সঙ্গে চারা রোপণ ও পরিচর্যার বিষয়ে কথা হয়। সিলেট কৃষি অধিদপ্তর সহযোগিতার হাত বাড়ায়।’
জহির আলী জানান, চারা রোপণের দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল পাকা শুরু হয়। গত অক্টোবরের শেষের দিকে ১৫ দিনের চারা লাগিয়েছিলেন। ডিসেম্বর মাসে ফল পাকা শুরু হয়েছে। প্রতিটি গাছে দুই-তিনটি করে ফল ধরেছে। প্রতিটি ফল দুই থেকে আড়াই কেজি ওজনের হয়েছে। শীত মৌসুম হওয়ায় ফলের আকার সামান্য ছোট হয়েছে। জহির বলেন, জেলায় প্রথম চাষি হিসেবে মৌসুমের আগেই চাষ করেছেন। কারণ, আগাম চাষ করলে বাজারদর ভালো পাওয়া যায়। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি ১ হাজার ৩০০ কেজির প্রথম চালান ঢাকার কারওয়ান বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন। গড়ে ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খেতে আরও তিন টনের মতো ফল রয়েছে। পাকার পর বিক্রি করতে পারবেন। এগুলো বিক্রির পর রমজান মাস সামনে রেখে তিনি আবার সাম্মাম চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। সব খরচ বাদে তাঁর এবার তিন-চার লাখ টাকা লাভ হবে।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজীব হোসাইন বলেন, বেলে বা বেলে দোআঁশ মাটিতে সাম্মাম চাষ করলে ভালো ফলন হবে। এই ফলের চাষ করে লোকসানের আশঙ্কা নেই। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে কৃষি অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।