মাদারীপুরে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রকে কুপিয়েছে স্থানীয় ‘কিশোর গ্যাং’–এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই স্কুলছাত্রের নাম শাহরিয়ার আহমেদ (১৪)। তিনি শহরের মাস্টার কলোনি এলাকার গোলাম আজমের ছেলে। তাকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাহরিয়ারকে তার এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে রাত ৯টার দিকে শাহরিয়ার তার বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন কিশোর শাহরিয়ারকে ধাওয়া করে। পরে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় শাহরিয়ারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর দলের সদস্যরা। পরে গুরুতর অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। তার পিঠে ১৪টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
শাহরিয়ারের বোন তাসমিয়া আক্তার প্রথম আলোকে বলেন, এলাকায় আগেপরে অনেক মারামারি হয়েছে। কিন্তু তাঁর ভাই কোনো মারামারির সঙ্গে জড়িত নয়। তবুও তাঁর ভাইকে একা পেয়ে মারা হলো। হত্যা করার উদ্দেশ্যেই এভাবে কোপানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই স্কুলছাত্রকে অন্ধকারে একা পেয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ হামলা করে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন দিন আগে আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই কিশোরকে হামলার পেছনে আগের ঘটনার সূত্র থাকতে পারে। আহত ছাত্রের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।