
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগানের গুলি উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গুলি উদ্ধারের পর বাসের চালক, সহকারী, যাত্রীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার বেলা একটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস শহরতলির বটেশ্বর এলাকায় আটকে তল্লাশি চালিয়েছিল পুলিশ।
তল্লাশিকালে একটি ব্যাগে ১০৫টি শটগানের গুলি পায় পুলিশ। গুলি উদ্ধারের ঘটনায় বাসসহ চালক, সহকারী ও পাঁচ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গুলি উদ্ধারের ঘটনায় বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ করে গুলিগুলোর মালিক কিংবা দাবিদার কাউকে শনাক্ত করা যায়নি। সাতজনের পূর্ণ নাম–ঠিকানা সংগ্রহ করে অপরাধের কোনো রেকর্ড পাওয়া যায়নি। এ জন্য পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই থানায় জিডি করা হয়েছে। গুলি পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ দেখিয়ে থানায় রাখা হয়েছে।
সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক সাতজনকে গতকাল রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের কেউই গুলিগুলো পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়নি।