
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে (৭০) বাড়িতে ঢুকে গুলি করার তিন দিন পেরিয়ে গেলেও সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া ঘটনার দিনই মামলার প্রধান আসামি আরিফ সরকার রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন, এমন খবর ছড়ালেও শিবপুর থানা-পুলিশের কাছে তিনি নেই। মামলার এজাহারভুক্ত ছয়জন আসামির মধ্যে একজন (গাড়িচালক) ছাড়া সরাসরি জড়িত আর কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হারুনের কর্মী-সমর্থকেরা।
গত শনিবার সকালে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন হারুনুর রশিদ খান। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল সোমবার দুপুরে হারুনুরের ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন। হারুনুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মামলার আসামিরা হলেন শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার আরিফ সরকার (৪০), পূর্ব সৈয়দনগরের মো. মহসিন মিয়া (৪২), কামারগাঁওয়ের ইরান মোল্লা (৩০), মুনসেফেরচরের মো. শাকিল (৩৫), কামারগাঁওয়ের মো. হুমায়ুন (৩২) ও নরসিংদী শহরের ভেলানগরের গাড়িচালক নূর মোহাম্মদ (৪৮)।
পুলিশ বলছে, আটকের পর পুলিশের তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার চারজন ও এজাহারভুক্ত আসামি গাড়িচালক নূর মোহাম্মদসহ পাঁচজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাঁদের নরসিংদীর আদালতে তোলার পর পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে বিচারক এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই চারজন হলেন পুটিয়া ইউনিয়নের কামারগাঁওয়ের ফরিদ সরকার (৬৩), মোমেন মোল্লা (৫৯), সৈয়দনগরের সাব্বির মিয়া (৩২) ও মনসুর আহমেদ রানা (৪৩)। তাঁদের দেওয়া তথ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেট কার উদ্ধার করা হয়।
উপজেলা চেয়ারম্যানের ছেলে ও মামলার বাদী আমিনুর রশিদ খান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর বাবার পিঠ থেকে দুটি গুলি বের করা হয়েছে। তাঁর বাবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন। এখন তিনি সবার সঙ্গে কথা বলছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, হারুনুর রশিদ খান হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি আরিফ সরকার ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করার পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এ ছাড়া বাড়িতে ঢুকে গুলি করার ঘটনায় সরাসরি জড়িত তিনজনের অবস্থান এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।