বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল জিপিএ-৫ পেয়েছে

গণিত পরীক্ষার আগের দিন বাবা মারা যায় মাহিদুলের। আজ এসএসসির প্রকাশিত ফলাফলে জিপিএ–৫ পেয়েছে সে
ছবি: সংগৃহীত

সারা রাত বাবার লাশের পাশে থেকে সকালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মাহিদুল হোসাইন খান ওরফে মিরাজ জিপিএ-৫ পেয়েছে। যেদিন বাবা মারা যান, পরের দিন ছিল গণিত বিষয়ের পরীক্ষা। সেই গণিতেও এসেছে এ প্লাস। আজ সোমবার দুপুর ১২টার দিকে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাহিদুল।

মাহিদুলের বাবা মোতাহের হোসেন খান আখাউড়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা এবং আখাউড়া পৌর এলাকার রাধানগরে গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী ছিলেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহিদুল বড়। পরিবার আখাউড়ায় থাকলেও মাহিদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছে। গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহের হোসেন মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর দুপুরে মোতাহের হোসেন অসুস্থ হন। ওই দিন সন্ধ্যায় দেবগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরের দিন ২২ সেপ্টেম্বর বিকেলে আসরের নামাজের পর দেবগ্রাম পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টার দিকে দেবগ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

বাবা আমার পরীক্ষার ফল ও পড়াশোনা নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন। আনন্দের মধ্যেও বাবা পাশে না থাকার শূন্যতা অনুভব করছি।
মাহিদুল হোসাইন খান

মাহিদুলের মামা আরিফুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পরপরই গ্রামের বাড়িতে চলে আসে মাহিদুল। সারা রাত বাবার লাশের পাশে বসে ছিল। সারা রাত কেঁদেছে। সকালে বাবার লাশের কফিন ছুঁয়ে পরীক্ষা দিতে গিয়েছে। বাবা মাহিদুলকে খুব আদর করতেন।

মাহিদুলের সহপাঠী মো. রুবেল বলে, ওই দিন গণিত বিষয়ের পরীক্ষা ছিল। হলে বসেও মাহিদুল কান্না করছিল। কক্ষ পরিদর্শক ও সহপাঠীরা তাকে সান্ত্বনা দিয়েছে। এমন পরিস্থিতি পৃথিবীর কোনো সন্তানকে যেন না দেখতে হয়। বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া অনেক কঠিন কাজ।

মাহিদুল প্রথম আলোকে বলে, ‘গণিত পরীক্ষার আগের দিন সকালে মুঠোফোনে বাবার সঙ্গে আমার শেষ কথা হয়। তখন বাবা বলেছিলেন, ভালো করে পরীক্ষা দেবে। ভয় পাবে না। এরপর সন্ধ্যায় বাবা মারা যান। সকালে গণিত পরীক্ষা দিতে হলে যাই। হলে চোখের পানি ধরে রাখতে পারিনি। সহপাঠী ও শিক্ষকেরা অনেক সান্ত্বনা দিয়েছেন। তারপর উত্তর লেখা শুরু করি। পরীক্ষা ভালো হয়েছিল। সেই গণিত পরীক্ষায় এ প্লাস পেয়েছি। এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়েছি। আনন্দ লাগছে। বাবা থাকলে আরও ভালো লাগত। কারণ, বাবা আমার পরীক্ষার ফল ও পড়াশোনা নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন। আনন্দের মধ্যেও বাবা পাশে না থাকার শূন্যতা অনুভব করছি।’

মাহিদুল আরও বলে, ‘বাবা চেয়েছিলেন আমি যেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করি। বাবার ইচ্ছাই এখন আমার স্বপ্ন। বড় হয়ে আমি বাবার স্বপ্নপূরণে প্রকৌশলী হতে চাই।’

মাহিদুলের মা তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘ছেলের ফলাফলে আমি খুব খুশি। ওর বাবা বেঁচে থাকলে তিনিও খুশি হতেন।’