দগ্ধ হওয়ার পর মামাকে ফোন করে সাদিয়া বলেছিলেন, ‘আমাদের বাঁচাও’

কিশোরগঞ্জ জেলার মানচিত্র
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

ভোরবেলা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে রান্না করতে যাচ্ছিলেন জোসনা আক্তার (২৫)। কথা ছিল, রান্না শেষে প্রতিবন্ধী বড় বোন হোসনা বেগমকে (৩০) চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। তবে রান্নাঘরে ঢুকতেই সব তছনছ হয়ে যায়। জোসনা রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে পুরো বাড়িতে আগুন ধরে যায়।

ওই আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পোড়া যন্ত্রণা নিয়ে মামা কামাল হোসেনকে মুঠোফোনে কল করেছিলেন জোসনার আরেক বোনের মেয়ে সাদিয়া আক্তার (১৮)। ভোরবেলা আচমকা ভাগনির কল পেয়ে ব্যাপারটি বুঝে উঠতে পারেননি কামাল হোসেন। তিনি বলেন, ‘সাদিয়া আমাকে ফোন করে বলল, “মামা, আগুনে আমরা সবাই পুইড়া গেছি। আমাদের বাঁচাও।”এর পর জোসনাও ফোন করে একই কথা বলল। প্রথমে ভাবছি মজা করতেছে। পরে তো খবর পেয়ে ঢাকায় চলে গেলাম।’

কথাগুলো বলতে বলতে চোখ ভিজে এল কামাল হোসেনের। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও পেশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৭ জানুয়ারি ভোরে ঢাকার ধামরাইয়ের কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ দুর্ঘটনায় ওই বাড়ির সবাই মারা গেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হোসনার মৃত্যু হয়।

হোসনা ও জোসনার বাবার বাড়ি ভৈরবের শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামে। জোসনার স্বামী মঞ্জুরুল ইসলাম ধামরাইয়ে পোশাক কারখানায় চাকরি করতেন। মঞ্জুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের মাস্টাপাড়া গ্রামে। তবে তিনি চাকরির সুবাদে স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশু মরিয়মকে নিয়ে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন।

পাঁচজনের মধ্যে গতকাল মঙ্গলবার সবশেষ মারা যান হোসনা। গতকাল রাতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়। পাঁচজনের মধ্যে হোসনা, জোসনা ও জোসনার মেয়ে মরিয়মকে দাফন করা হয় ভৈরবে। সাদিয়াকে দাফন করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় আর মঞ্জুরুলকে নীলফামারীতে দাফন করা হয়।

আজ বুধবার সকালে ভৈরবের শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামে গিয়ে দেখা যায়, মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রামেই চলছে আগুনের ঘটনা নিয়ে আলোচনা। বাড়ির উঠানে বসে গ্রামের লোকজনের সঙ্গে কথা বলছিলেন কামাল।

কামাল বলেন, হোসনা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার প্রয়োজনে ৫ জানুয়ারি আরেক বোন হাসনা বেগমের মেয়ে সাদিয়ার সঙ্গে হোসনা ধামরাইয়ে বোনের বাসায় যান। সাদিয়া ভৈরব জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাদিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে।

দুর্ঘটনার দিনের বর্ণনা দিয়ে কামাল বলেন, লম্বা সময় অপেক্ষা করে ডাক্তারের সিরিয়াল পেয়েছিলেন। সেই কারণে আগ থেকেই পরিকল্পনা ছিল সকাল সকাল ডাক্তারের কাছে যাওয়ার। কিন্তু সকালেই ওই দুর্ঘটনা ঘটে। ভোরে প্রথমে ঘুম থেকে উঠে সাদিয়া রান্না ঘরে যান। তবে সাদিয়া চুলায় আগুন দিতে পারছিলেন না। জোসনা গিয়ে চুলা জ্বালাতে গেলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তখন অপর কক্ষে ঘুমিয়েছিলেন মঞ্জুরুল। আর মরিয়মকে কোলে নিয়ে বসে ছিলেন হোসনা। আগুনে তখন সবাই দগ্ধ হন।

কামালের ভাষ্য, দুর্ঘটনার পর সাদিয়া সবাইকে সহযোগিতার চেষ্টা করেছিলেন। সাদিয়াই প্রথম তাঁকে কল দেন। আর মৃত্যুর আগে জোসনার শেষ কথা ছিল, তাঁর একমাত্র মেয়ে মরিয়মকে যেন দেখেশুনে রাখা হয়। কিন্তু তখনও জোসনা জানতেন না, ৭ জানুয়ারি দিবাগত রাতেই মরিয়মের মৃত্যু হয়েছে। এই কথা বলতে বলতে কামালের স্বর আরও ভারি হয়ে ওঠে।