চট্টগ্রামে উড়ালসড়কের রেলিং থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম কাউসার আহমেদ। গত সোমবার রাত তিনটার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকা এলাকায় উড়ালসড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কাউসার একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্ক্র্যাপ মালামালবাহী গাড়ি পাহারা দিতেন।
নিহত কাউসার আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এটি হত্যাকাণ্ড বলেও দাবি করা হয়। তবে পুলিশ বলছে, ওই যুবক রাজনীতিতে সক্রিয় ছিলেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারও জানিয়েছে, তিনি রাজনীতিতে সম্পৃক্ততা ছিলেন না।
জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, নিহত যুবক একটি প্রতিষ্ঠানের অস্থায়ী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
ওসি আরও বলেন, নিহত কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর মা পারভীন আক্তার পুলিশকে জানিয়েছেন, কাউসার রাজনীতিতে যুক্ত ছিলেন না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।