
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই বিএনপি নেতাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই সময় আরও দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার পৌর শহরের পূর্বজগন্নাথপুর মহল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর শহরের ইসলামপাড়া মহল্লার শাহিনুর ইসলাম (৪৮), বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের কলেজিয়েট স্কুলপাড়ার তহিদুর রহমান (৪৬), পৌর শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার জাকিউল কবীর (৪৮) এবং রংপুরের মিঠাপুকুরের চিতলি উত্তরপাড়ার আমিন হোসেন (২৮)। এ ছাড়া উপজেলার হোসেনপুর মহল্লার আবুল বাশার (৪০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের বদিউজ্জামানকে (৪৪) জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর শহরের পূর্বজগন্নাথপুর মহল্লায় জাকিউল কবীবের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে থানা–পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক শৌচাগারের মধ্যে ইয়াবা লুকিয়ে রাখেন। পরে বাড়ির মালিককে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শৌচাগার থেকে ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে ইয়াবা সেবনের অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়।
ইউএনও পরিমল কুমার সরকার প্রথম আলোকে বলেন, সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহিনুর ইসলাম, তহিদুর রহমান ও জাকিউল কবীরকে তিন মাস করে ও আমিন হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, মাদক কেনাবেচা ও সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত চার আসামিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের দিনাজপুর কারাগারে পাঠানো হবে।